টানা দুই ম্যাচ জয়ের পর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে হারের মুখ দেখলেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে মিরাজের নৈপূন্য এই ম্যাচেও অব্যাহত ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
বার্বাডোজের ব্রিজটাইউনে আগে ব্যাটিং নেমে মাত্র ৯৯ রানে অলআউট হয় মিরাজের গায়ানা। মূলত সেখানেই ম্যাচটা হেরে যায় দলটি। তবুও বল হাতে চেষ্টার কমতি রাখেননি মিরাজ।
ব্যাটিংয়ে নেমে এদিন আফগান স্পিনার গজনফরের ঘূর্ণির মুখে পড়ে গায়ানা। মাত্র ১৫ রানেই গায়ানার ৩ টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। মিরাজ ব্যাটিংয়ে নামেন পাঁচে। তিনি থিতু হওয়ার খানিক বাদেই গ্লেন ফিলিপস এবং ডোয়াইন প্রিটোরিয়াসও বিদায় নেন।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ মিরাজ এদিন ২৪ বলে ১৮ রান করেন। তবে শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি। ছক্কার চেষ্টায় ধরা পড়েন বাউন্ডারিতে।
রান তাড়ায় তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বার্বাডোজ। এরপর তিনে নামা কুইন্টন ডি কক ৩ রানে বোল্ড হন মিরাজের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে।
এরপর শেরফোন রাদারফোর্ডকেও দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল গায়ানা। কিন্তু ক্যামিও ইনিংস খেলে ম্যাচের উত্তেজনা শেষ করে দেন শাড্র্যাক ডেসকার্ট। তিন ছক্কায় ২০ বলে ৩২ রান করা ব্যাটসম্যানকেও ফেরান মিরাজ। তবে ম্যাচের রোমাঞ্চ ততক্ষণে একরকম শেষ। ব্র্যান্ডন কিং অপরাজিত থাকেন ৪২ বলে ৪৪ রান করে।
টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে লড়বেন মিরাজরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-a9eab4-720x405.webp)