কলম্বো টেস্ট শুরু আজ

তিন স্পিনারে ভরসা বাংলাদেশের

তিন স্পিনারে ভরসা বাংলাদেশের

মেহেদি হাসান মিরাজ ফিরলে কি নাঈম হাসান বাদ পড়বেন? কলম্বো টেস্টের আগে ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। হেড কোচ ফিল সিমন্স অবশ্য আভাস দিয়েছেন, কলম্বোয় তিন স্পিনার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে এনামুল হক বিজয় কিংবা জাকের আলী অনিকের। টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা বিজয়ের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। তাতে ব্যাটিং অর্ডারে চার থেকে ওপেনিংয়ে উঠতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া পেস ইউনিটেও আসতে পারে পরিবর্তন। গলে খেলা নাহিদ রানা কলম্বোয় থাকতে পারেন সাইড বেঞ্চে। তার বদলি হিসেবে সুযোগ পেতে পারেন আরেক পেসার খালেদ আহমেদ। তবে একাদশে যে পরিবর্তনই আসুক, ম্যাচে ফল পেতে দল মরিয়া হয়ে থাকবে-সেটা জানিয়েছেন হেড কোচ সিমন্স।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা সফরের আগে থেকেই শোনা যাচ্ছিল, সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধবেন শান্ত। তবে মিরাজের অসুস্থতায় শেষ পর্যন্ত সাদমানের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেন। কিন্তু সুযোগ পেয়ে দুই ইনিংসে ০ ও ৪ রান করে আউট হন বিজয়। ফলে দ্বিতীয় টেস্টের একাদশে তার জায়গা মিলবে কি না, তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। অবশ্য এরচেয়ে বেশি জল্পনা-কল্পনা নাঈমকে ঘিরে। গলে ড্র হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা নাঈমের কী জায়গা হবে কলম্বো টেস্টে?

এ প্রসঙ্গে গতকাল হেড কোচ সিমন্স বলেন, ‘গলে নাইম চমৎকার একটি ম্যাচ খেলেছে। তাই এখন তাকে বাদ দেওয়াটা একটু কঠিন; কিন্তু সবাই শুরু থেকেই জানে যে, এটাই ঘটছে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে, সবাই একই অবস্থানে আছে। তাই যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে মানুষ বোঝে দলের জন্য যেটা সেরা, সেটার জন্যই।’ তবে কলম্বোয় তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা আছে কোচের-সেটা স্পষ্ট তার কথায়। তার কথামতে, ‘প্রথমত আমরা যখন কোথাও যাই, আমরা মূল্যায়ন করি উইকেট দেখতে কেমন এবং এখানকার কন্ডিশন কেমন। তারপর আমরা সিদ্ধান্ত নিই আমরা কোন পথে যেতে চাই, তিন স্পিনার খেলবে কি না, কারণ যেমনটা আপনি বললেন।’

এদিকে কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে চোটে পড়েন শান্ত। ম্যাচের আগের দিন কোচ ফিল সিমন্স জানিয়ে দেন, ইনজুরি গুরুতর নয়। ফলে এ ম্যাচে তার খেলতে কোনো বাধা নেই। এ নিয়ে সিমন্সের ভাষ্য, ‘শান্ত ঠিক আছে। শুধু আঙুলে একটা ছোট চোট পেয়েছে। টেপ পেঁচিয়ে খেলতে পারবে। তাই অধিনায়ককে নিয়ে চিন্তার কিছু নেই।’ শান্তর থাকা নিশ্চিত হওয়ার পাশাপাশি মিরাজও যে থাকবেন, সেটাও প্রায় নিশ্চিত কোচের কথায়।

মিরাজের ফেরা আগেই নিশ্চিত করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি জানান দেন কতটুকু প্রত্যাশা থাকবে মিরাজকে নিয়ে। সে কথার সুরে কথা বলেছেন কোচ ফিল সিমন্সও। মিরাজের ওপর বাড়তি প্রত্যাশা রাখার কথাও জানান তিনি। তার কথায়, ‘আপনি ধরে নিচ্ছেন যে মিরাজ দ্বিতীয় ম্যাচের দলে থাকবে। ঠিক আছে। সে এখন বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার। তাই সে ব্যাটে-বলে উভয় ক্ষেত্রেই দলকে শক্তি জোগাবে। কিন্তু একইসঙ্গে বাকিদেরও তাদের কাজটা করতে হবে। মিরাজ দলে ফিরে আসা নিয়ে আমরা চিন্তিত নই। সে তার যা করার করবে; কিন্তু বাকি সবাইকে তাদের নিজ নিজ কাজটা করতে হবে।’

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ

মোট টেস্ট- ৩

জয়-০

হার-৩

ড্র-০

প্রথম ম্যাচ- ২০০১ (ফল- ইনিংস ও ১৩৭ রানে হার)

দ্বিতীয় ম্যাচ- ২০০২ (ফল- ২৮৮ রানে হার)

তৃতীয় ম্যাচ- ২০০৭ (ফল- ইনিংস ও ২৩৪ রানে হার)

সর্বোচ্চ রান

মোহাম্মদ আশরাফুল- ২৬০

সর্বোচ্চ উইকেট

মনজুরুল ইসলাম- ৩

ব্যক্তিগত সর্বোচ্চ

মোহাম্মদ আশরাফুল- ১১৪

সেরা বোলিং ফিগার

মঞ্জুরুল ইসলাম- ৩/৪৬

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন