চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ রিজওয়ানরা। এমতাবস্থায় দায়িত্ব পেলে এক বছরেই পাকিস্তান দলকে বদলে দেবেন, এমনটাই জানিয়েছেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান দল নিয়ে কঠোর সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতারদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। বিষয়টি ভালো লাগেনি যোগরাজের। তার মতে, সমালোচনা না করে ওয়াসিম, শোয়েবের উচিত দায়িত্ব নিয়ে দলের উন্নতি করা।
বর্তমানে নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করছেন যোগরাজ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কোচিং করাতে পারলে এক বছরের মধ্যে পাকিস্তান দলকে ভালোভাবে তৈরি করব। যেটা আপনাদের মনে রাখার মতো হবে। এটা আবেগ থেকে হয়। আমি দৈনিক অ্যাকাডেমিতে ১২ ঘণ্টা সময় কাটাই। নিজেকে বড় দাবি করা খুব সহজ। আপনাকে নিজের দেশের জন্য রক্ত এবং ঘাম দিতে হবে।’
ওয়াসিম-শোয়েবের ওপর ক্ষোভ প্রকাশ করে যোগরাজ বলেন, ‘ওয়াসিম আকরামের লজ্জিত হওয়া উচিত। আরেক বড় খেলোয়াড় শোয়েব আখতারও বাজে কথা বলছেন। ওয়াসিম ধারাভাষ্য দিয়ে টাকা আয় করছেন। আপনারা দেশে ফিরে যান। এই খেলোয়াড়দের জন্য একটি ক্যাম্পের আয়োজন করুন। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে পাকিস্তানকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। সেটা না পারলে পদত্যাগ করুন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

