নাদালকে সম্মান জানালো রোলা গারো

নাদালকে সম্মান জানালো রোলা গারো

তার ক্যারিয়ারে লাল মাটির কোর্ট যেন ‘পরশ পাথর’। যার ছোঁয়া পেলেই রাফায়েল নাদাল হয়ে উঠতেন দুর্দমনীয়। তার পায়ের স্পর্শে ধন্য হয়ে আছে প্যারিসের ক্লে কোর্ট। প্যারিসে সর্বোচ্চ শিরোপা জেতা নাদালের পায়ের ছাপ এবার চিরস্থায়ী হয়ে গেল ফিলিপ চ্যাট্রিয়ার কোর্টে। ক্লে কোর্টের রাজাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানালো ক্লে কোর্ট কর্তৃপক্ষ।

গেল বছরের নভেম্বরে রোলা গারোতেই নিজের শেষ ম্যাচ খেলে টেনিস থেকে সরে দাঁড়ান নাদাল। সেই কোর্টেই রোববার (২৫ মে) হাজির হয়েছিলেন ‘স্প্যানিশ ম্যাটাডোর’। ভক্তরা তাকে অভিবাদন জানাতে গায়ে জড়িয়েছিলেন কয়েকটি টি শার্ট। তাতে লেখা ছিল ‘১৪আরজি, রাফা’।

বিজ্ঞাপন

২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে প্রথম শিরোপা জেতেন নাদাল। এরপর থেকেই এই আসরে দাপট দেখিয়ে গেছেন তিনি। জিতেছেন রেকর্ড ১৪ শিরোপা। ক্লে কোর্টে নাদাল তার ক্যারিয়ার শেষ করেছিলেন ৪ পরাজয়ের বিপরীতে ১১২ জয় নিয়ে। এই আসরে সবশেষ ২০২২ সালে শিরোপা জিতেছিলেন এ স্প্যানিয়ার্ড। এখানেই ২০২৪ সালে প্রথম রাউন্ডে আলেক্সজান্ডার জেভেরেভের কাছে হেরে শেষ হয় তার ক্যারিয়ার।

প্যারিসে সংবর্ধনা নিতে এসে নিজের আবেগ লুকাতে পারেননি রাফা। তার ক্যারিয়ার নিয়ে ভিডিও দেখানোর সময় আবেগতাড়িত হাজার হাজার দর্শকের সামনে হৃদয় খুলে কথা বলেছেন, ‘আমি জানি না কোথায় থেকে শুরু করব… এই কোর্টে আমি ২০ বছর খেলেছি। লড়াই করেছি, জিতেছি, হেরেছি। এখানেই আমি আবেগে ভেসেছি। নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কোর্ট।’

এ সময় নাদালের পরিবারের সদস্যদের সঙ্গে তার সাবেক কোচিং স্টাফরাও উপস্থিত ছিলেন। এছাড়াও তার দীর্ঘদিনের তিন প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ, রজার ফেদেরার এবং অ্যান্ডি মারে উপস্থিত ছিলেন কোর্টে। নাদালের ভাষণের পর এই তিনজন যখন মাঠে প্রবেশ করেন, তখন ভক্তদের মাঝে আনন্দের ঢেউ খেলে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন