পদক জয়ের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু সার্ফিংয়ের শেষ ধাপে এসে কোথায় যেন মিলিয়ে গেল সেই স্বপ্ন। এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় লড়াই করেও পদক লড়াই থেকে দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় পুরুষ ও নারী উভয় বিভাগেই বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় হাতছাড়া হয়েছে। বাংলাদেশ সার্ফিং দলের কোচ কাম ম্যানেজার সিফাত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মেয়েদের বিভাগের ইভেন্টে বাংলাদেশের ফাতেমা খাতুন দৃঢ়তার সঙ্গে লড়াই করলেও দ্বিতীয় রাউন্ডের বৈতরণী পার করতে পারেননি। তিনি এই রাউন্ড থেকেই ড্রপ আউট হন।
অন্যদিকে, ছেলেদের বিভাগের ইভেন্টে এক শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। ২৫ মিনিটের এই নির্ধারিত হিটে প্রায় ২৪ মিনিট জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে লিডিং পজিশনে ছিলেন মান্নান। ফাইনাল রাউন্ডে ওঠার সুবাস যখন বাংলাদেশের পালের বাতাসে, তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। খেলার একদম শেষ মুহূর্তে একটি ঢেউ আকস্মিক দিক পরিবর্তন করে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী জনসন থিনের অনুকূলে চলে যায়।
প্রকৃতির এই খেলায় শেষ মুহূর্তের সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগান থাইল্যান্ডের সার্ফার। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে মান্নানকে পেছনে ফেলে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন জনসন থিন। দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তের এই নাটকীয়তায় মান্নানকে দ্বিতীয় রাউন্ড থেকেই ড্রপ আউট হয়ে বিদায় নিতে হয়।
ম্যাচ শেষে কোচ সিফাত দলের খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করে জানান, জয়-পরাজয় খেলারই অংশ, তবে আন্তর্জাতিক মঞ্চে মোহাম্মদ মান্নানের প্রায় পুরো সময় জুড়ে আধিপত্য বিস্তার করা এবং ফাতেমার লড়াকু মানসিকতা দেশের সার্ফিংয়ের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

