সময়ের সঙ্গে ক্রিকেট আধুনিকতার দিকে পা বাড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৬ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নতুন অধ্যায় সূচনার ঘোষণা দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এবারই প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপে সব ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নারী অফিসিয়ালরা। অর্থাৎ, ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। ঐতিহাসিক এই পথচলার সাক্ষী হচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসিও। ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন তিনি।
নারী ম্যাচ অফিসিয়ালদের দিয়ে আসর পরিচালনার নজির অবশ্য নতুন নয়। এর আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ অফিসিয়াল ছিলেন নারী। এবার ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন নারীরা। বিশ্বকাপের জন্য ১৪ নারী আম্পায়ার ও চার নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। আম্পায়ারদের ১৪ জনের তালিকায় আছেন বাংলাদেশের নারী আম্পায়ার জেসি। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি।
১৪ জনের তালিকায় নারী আম্পায়াররা হলেন : লরেন অ্যাগেনবাগ, ক্যান্ডেস লা বোর্দে, কিম কটন, সারা দাম্বানেভানা, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাসটে, জননী এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান, গায়ত্রী ভেনুগোপালন, জ্যাকুলিন উইলিয়ামস। এদের মধ্যে ক্লেয়ার পোলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস ও সু রেডফার্নের আছে দুটি নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা। লরেন অ্যাগেনবাগ ও কিম কটনের এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালের আসরেও তারা আম্পায়ারিং করেছেন। চার ম্যাচ রেফারির প্যানেলে আছেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যানড্রে ফ্রিটজ, জি এস লক্ষ্মী ও মিশেল পেরেইরা।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। ৮ দলের আসরে ৩৩ দিনে হবে ৩১টি ম্যাচ। বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো অংশ নেবে ওয়ানডে বিশ্বকাপে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

