গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনালদো

গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনালদো

চার গোলের থ্রিলার ম্যাচেও জয়টা ধরা দেয়নি। গত শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে হোঁচট খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ক্লাব আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি উপহার দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। লড়াইয়ের ৫২ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে অসাধারণ এক মাইলফলকই গড়েছেন ৪০ বছরের রোনালদো।

বিজ্ঞাপন

আল শাবাবের জালে দেওয়া গোলটি রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ৯২৬তম। যার ৪৬৩টি গোল পেয়েছেন সিআর সেভেন বয়স ৩০ ছোঁয়ার পর। বাকি অর্ধেক গোল এসেছে বয়স ৩০ পূর্ণ হওয়ার আগে। ফুটবল যে শুধু তরুণদের খেলা নয়, সেটাই যেন প্রমাণ করে যাচ্ছেন পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী।

আল নাসরের জার্সিতে এখন পর্যন্ত ৯০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, রিয়াল মাদ্রিদে ৪৫০ ও জুভেন্টাসে ১০১ গোলের দেখা পেয়েছেন। স্পোর্টিং লিসবনের হয়ে খেলে ৩১ ম্যাচ করেন পাঁচ গোল।

৩০-এ পা রাখার আগে রোনালদো খেলেন লিসবন, ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে। আর ৩০ ছোঁয়ার পর রিয়াল, জুভেন্টাস ও ইউনাইটেড হয়ে এখন দাপট দেখাচ্ছেন আল নাসরে। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পর রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিলের রোমারিও।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোল ৮৫২। ৩৭ বছরের আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর ৩০ পেরোনোর পর পেয়েছেন ২৮৭ গোল। এ দিক থেকে রোনালদোর চেয়ে মেসি ১৭৬ গোলে পিছিয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন