দীর্ঘদিন ধরে চলা প্রেম, অভিসার আর প্রণয়কে পূর্ণতা দিয়েছেন। গাঁটছড়া বেঁধেছেন প্রেমিকা নিশনির সঙ্গে। জীবনের দ্বিতীয় ইনিংসের শুরুটা করেছেন কামিন্দু মেন্ডিস আইপিএলের নতুন আসর মাঠে গড়ানোর আগে আগে। পছন্দের মানুষকে স্ত্রী হিসেবে পেয়েছেন, সন্দেহ নেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষদের অন্যতম এ স্পিন অলরাউন্ডার। শ্রীলঙ্কান এ তারকা ক্রিকেটারের পরিকল্পনা ছিল হানিমুন করতে উড়াল দেবেন দেশের বাইরে। কিন্তু ঠিক সেই সময়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ থেকে ডাক পেয়ে যান। কামিন্দু নিজের পরিকল্পনা পুরোপুরি বাস্তবে রূপ দিতে পারেননি। কারণ, মধুচন্দ্রিমার চেয়ে আইপিএল তার কাছে বড়।
দুধের স্বাদ ঘোলে মেটাতে কামিন্দু সেরে নিয়েছেন সংক্ষিপ্ত সংস্করণের মধুচন্দ্রিমা। নিজের জন্মভূমি শ্রীলঙ্কার শহর হাপুতালেতে কেটেছে নব দম্পতির একান্ত সময়। অল্প সময়ের জন্য হলেও দুজনে যেন হারিয়ে গিয়েছিলেন লঙ্কান শহরটির পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে।
আইপিএলে কামিন্দুর অভিষেক হয়েছে গত বৃহস্পতিবার। কিন্তু অভিষেকটা জয়ে রাঙাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানে হেরেছে তার দল হায়দরাবাদ। তবে অভিষেকটা অন্যভাবে স্মরণীয় করে রেখেছেন। আইপিএলের মাঠে নয়া ইতিহাস লিখেছেন ২৬ বছরের কামিন্দু। ভারতীয় এ টি-টোয়েন্টি আসরে প্রথম ক্রিকেটার হিসেবে একই ওভারে দুই হাতে বল ঘুরিয়েছেন। ডান-বাম, দুই হাতে বল করে সাফল্যও পেয়েছেন! শিকার করেছেন উইকেট। আইপিএলের ইতিহাসে দুই হাতে বোলিং করে উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে কীর্তি গড়েছেন কামিন্দু।
বোলিং করেছেন মাত্র এক ওভার। কলকাতার ইনিংসে ১৩ ওভারেই গড়েছেন নতুন মাইলফলক। ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারি ছুড়েন বাঁ হাতে। বাকি তিনটি ডেলিভারি করেন ডান হাতে। চতুর্থ বলে ৭৫ লাখ রুপির কামিন্দু কলকাতার অংকৃশ রঘুবংশীকে করেন সতীর্থ হার্শাল প্যাটেলের তালুবন্দি। আইপিএলে এর আগে লিয়াম লিভিংস্টোন বাঁহাতি-ডানহাতি ব্যাটারের বিপক্ষে অফ স্পিন ও লেগ স্পিন বোলিং করেছেন। তবে সেটা শুধু ডান হাতে। কামিন্দুর মতো দুই হাতে নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

