ফ্রেঞ্চ ওপেন

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

রোলাঁ গারোর লাল মাটিতে শুরুটা মোটেও সহজ ছিল না নোভাক জোকোভিচের জন্য। প্রতিপক্ষ জিওভান্নি এমপেতসি পেরিকার্ডের আগুনঝরা সার্ভিসে প্রথম সেটেই চাপে পড়ে গিয়েছিলেন সার্বিয়ান কিংবদন্তি। তবে জোকোভিচ তো সেই নাম, যিনি প্রতিকূলতাকেও নিজের গল্পের অংশ বানাতে জানেন।

প্রথম সেট হারার পর ধীরে ধীরে ম্যাচে ফেরেন ৩৯ বছর বয়সী এই তারকা। অভিজ্ঞতা, ধৈর্য আর নিখুঁত শটের মিশেলে শেষ পর্যন্ত ৩-১ সেটে জয় তুলে নিয়ে পৌঁছে গেছেন ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি জোকোভিচ। পেরিকার্ডের সার্ভিস নিয়ে তিনি বলেন, “তার সার্ভিস বাস্তবেই দেখা অসম্ভব। আমার ক্যারিয়ারে কেবল একবার বা দুইবার দেখেছি এভাবে সার্ভ করতে।”

প্রথম সেটে ৫-৭ গেমে পিছিয়ে পড়েছিলেন জোকোভিচ। কিন্তু এরপরই যেন বদলে যায় ম্যাচের গল্প। দ্বিতীয় সেটে ৭-৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন তিনি। এরপর তৃতীয় সেটে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে ৬-১ গেমে উড়িয়ে দেন ফরাসি প্রতিপক্ষকে। চতুর্থ সেটেও ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ করেন ম্যাচ।

কাঁধের সমস্যার কারণে ক্লে কোর্ট মৌসুমের বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে ছিলেন জোকোভিচ। তাই এবারের জয়টি শুধু দ্বিতীয় রাউন্ডে ওঠার নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও।

রোলাঁ গারোয় চতুর্থ শিরোপার স্বপ্নে এগিয়ে চলা জোকোভিচ এবার শেষ ৬৪-তে মুখোমুখি হবেন আরেক ফরাসি ভ্যালেন্তিন রয়ারের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন