এশিয়া কাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

এশিয়া কাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

পাকিস্তান ও ভারতের মধ্যকার সামরিক সংঘাতের জেরে এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সে শঙ্কা কেটে যেতে বেশি সময় লাগেনি। এবার এশিয়া কাপ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের কারণে।

এশিয়া কাপের আসন্ন আসরের আয়োজক ভারত। বিকল্প ভেন্যু হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, টি-টোয়েন্টি সংস্করণে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যদিও এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনের জন্য এখনও সূচি বা ভেন্যু চূড়ান্ত হয়নি। সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৪ জুলাই ঢাকায় সাধারণ সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে সভায় উপস্থিত হবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনটাই জানিয়েছে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম।

বিজ্ঞাপন

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের জেরে ঢাকায় সভা করতে রাজি নয় বিসিসিআই। তাই সভার স্থান পরিবর্তনের জন্য এসিসির সভাপতি মহসিন নাকভিকে অনুরোধ জানায় সংস্থাটি। যদিও সে অনুরোধ রাখেননি নাকভি। এশিয়া কাপ ইস্যুতে ভারতকে চাপে রাখতেই এসিসির সভার স্থান পরিবর্তন করছেন না তিনি- এমনটাই জানিয়েছে এক সূত্র। এজন্য এসিসির সভা বয়কট করবে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের পাশাপাশি এসিসির আসন্ন সভা বয়কট করতে পারে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমান ক্রিকেট বোর্ড।

এই কয়েকটি ক্রিকেট বোর্ড উপস্থিত না হলে এসিসির সভায় এশিয়া কাপ নিয়ে আসা কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হবে না বলে জানানো হয়েছে প্রতিবেদনে। অর্থ্যাৎ থমকে যাবে টুর্নামেন্টটি।

বিষয়টি নিয়ে এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এসিসিরি সাধারণ সভা ঢাকার পরিবর্তে অন্য কোথাও হলেই কেবল এশিয়া কাপ হতে পারে। এই সভা নিয়ে মহসিন নাকভি ভারতের ওপর অযথা চাপ তৈরি করছেন। তাকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি ঢাকায় সভা আয়োজন করতে বদ্ধপরিকর। তাই ঢাকার সভা থেকে কোনো সিদ্ধান্ত আসলে বিসিসিআই সেটা বয়কট করবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন