অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯৮ রানের রেকর্ডগড়া জয়ে সিরিজ শুরু করলেও দুঃসংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিষিক্ত স্পিনার প্রেনেলান সুব্রায়েন। তাকে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে।
যদিও এখনও বোলিং নিষেধাজ্ঞায় পড়েননি সুব্রায়েন। তার বোলিং অ্যাকশনকে সন্দেহজনক হিসেবে দেখেছেন আম্পায়াররা। প্রথম ওয়ানডের দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নগাস্কির সুব্রায়েনের অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন। ম্যাচটিতে এই অফস্পিনার ১০ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন।
নিয়মানুযায়ী, সুব্রায়েনকে এখন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন। তবে অ্যাকশনের পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত সুব্রায়েনকে খেলার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।
কোচ শুকরি কনরাড বলেন, ‘নিয়ম অনুযায়ী পরীক্ষার আগে পর্যন্ত খেলতে কোনো বাধা নেই। তবে আমরা মনে করছি অপ্রয়োজনীয় আলোচনার বাইরে রেখে, তাকে জনসাধারণের নজর থেকে সরিয়ে মানসিকভাবে ঠিক রাখাটাই আসল। প্রক্রিয়াটি হলো যত দ্রুত সম্ভব তাকে পরীক্ষা করানো। আমরা ব্রিসবেনে সেটা করার পরিকল্পনা করছি।’
চলমান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল (শুক্রবার) ম্যাকাইতে দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

