জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আইন, ২০১৮-এর ক্ষমতাবলে ঘুড়ি, প্যারা আর্চারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন ভেঙে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানায় এনএসসি। ভেঙে দেওয়া তিন অ্যাসোসিয়েশনে নিজস্ব সত্তা বিলুপ্ত হলেও প্রায় সমধর্মী অন্য ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে।
প্যারা আর্চারিকে বাংলাদেশ আর্চারি ফেডারেশন, খিউকুশিন কারাতেকে বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশনকে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
খিউকুশিন, প্যারা আর্চারির জন্ম দুই বছরের মধ্যে হলেও ঘুড়ি অ্যাসোসিয়েশন অবশ্য প্রায় দুই দশক আগে থেকেই ছিল। ঘুড়ি উৎসব জনপ্রিয় হলেও ঘুড়ি অ্যাসোসিয়েশনের কার্যক্রম অনেকদিন থেকেই দৃশ্যমান নয়। তিন অ্যাসোসিয়েশন তিন ফেডারেশনের সঙ্গে একীভূত হওয়ায় তিন ফেডারেশনের কর্মপরিধি বাড়বে।
এর বিপরীতে জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক বরাদ্দ ও অন্যান্য সুযোগ-সুবিধা কতটুকু বাড়ে, সেটা এখনো স্পষ্ট নয়। গত জাতীয় নির্বাচনের শেষদিকে খিউকুশিন কারাতেকে আলাদা অ্যাসোসিয়েশনের স্বীকৃতি দেয় এনএসসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

