ফিফা র্যাংকিংয়ে দুই দলের ব্যবধান ১৫২ ধাপ। মাঠের লড়াইয়েও সেটা ফুটে উঠল স্পষ্ট। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে নিয়ে ছেলেখেলা করলো আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডের দিনে ম্যাচটি ৬-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার হয়ে দুটি করে গোল করেছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ। একবার জালের দেখা পান গঞ্জালো মন্টিয়েল। অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের উপহারস্বরূপ তথা আত্মঘাতী। ৬৪ মিনিটে পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়া আত্মঘাতী গোলটি করেন।
বাংলাদেশ সময় ভোরে ম্যাচের ২২তম মিনিটে গোল দিয়ে শুরু করে আর্জেন্টিনা। বাতাসে ভাসানো নিখুঁত পাসে গঞ্জালো মন্টিয়েলকে দিয়ে গোল করান মেসি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টে শীর্ষে থাকা নেইমারকে ধরে ফেলেন (৫৯)। এরপর লাউতারোকে দিয়ে আরেকটি গোল করিয়ে ছাড়িয়ে যান নেইমারকে।
৩৬তম মিনিটে ফ্লাকো লোপেজের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। এরপর ৭৯ ও ৮৪ মিনিটে দিটটও গোল করেন লাউতারো। শেষ গোলটি মেসি ও লাওতারোর মধ্যে দারুণ বোঝাপড়ার ফসল। বক্সে দৌড়ের ওপর লাওতারোকে ব্যাক পাস দেন মেসি। বাকি গোলটি আত্মঘাতী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

