ঢাকায় পা রাখলেন শামিত সোম

ঢাকায় পা রাখলেন শামিত সোম

ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগেই ঢাকায় এসেছেন ফাহমিদুল ইসলাম ও হামজা দেওয়ান চৌধুরী। অপেক্ষা ছিল কেবল শামিত সোমের। এবার সেই অপেক্ষাও শেষ হলো।

বুধবার (৪ মে) ঢাকায় এসেছেন শামিত। ভোর ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন কানাডা প্রবাসী এই ফুটবলার। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছেন শামিত। এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। তার আগে আজ সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

বিজ্ঞাপন

দীর্ঘ ভ্রমণের পর ভুটানের বিপক্ষে শামিতের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় শামিত বলেন, ‘এখানে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। সতীর্থদের সঙ্গে দেখা করতে আমার তর সইছে না। মাঠে যেতে এবং অনুশীলন করতে মুখিয়ে আছি।’

এর আগে গত ৬ মে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পান শামিত। কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ক্লাব ফুটবলে তার ঠিকানা কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন