ক্রিকেটারদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পাকিস্তান সফর

ক্রিকেটারদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পাকিস্তান সফর

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে কয়েক দিন ধরে চলছিল নানা ধরনের আলোচনা। এসব আলোচনার প্রেক্ষিতে বিসিবি থেকে জানানো হয়েছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেটার-কোচিং স্টাফদের সঙ্গে বৈঠকের পরও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। তখন জানানো হয়েছিল, সিরিজ বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের মাটিতে সম্ভব না হলে এই সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে মাঠে গড়াবে। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি এখন খানিকটা স্বাভাবিক হয়ে এসেছে। সে কারণে পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক বিসিবি। তবে সিরিজ আদতে হবে কি না সেটা নির্ভর করছে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের ওপর। তারা রাজি হলেই তবে পাকিস্তানে উড়াল দিবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে ফয়সালাবাদে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা ছিল। ভারত-পাকিস্তানের মধ্যকার হামলা-পাল্টা হামলার কারণে মাঝপথে স্থগিত হয় পিএসএল। এই টুর্নামেন্টের বাকি অংশ শেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। ফলে দুই দিন পিছিয়ে ২৭ মে থেকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় পিসিবি। এ তথ্য জানিয়ে নতুন সূচি তৈরি করে ইতোমধ্যে বিসিবিকে চিঠি দিয়েছে পিসিবি। নতুন সূচি অনুযায়ী প্রথম দুই টি-টোয়েন্টি হবে ২৭ ও ২৯ মে। শেষ তিন টি-টোয়েন্টি হবে ১, ৩ ও ৫ জুন। এ ছাড়া প্রথম তিন টি-টোয়েন্টি ফয়সালাবাদ ও শেষ তিন ম্যাচ লাহোরে আয়োজন করতে চায় পিসিবি।

বর্তমান পরিস্থিতিতে বিসিবি পাকিস্তান সফরে দল পাঠাতে ইতিবাচক হলেও পুরো ব্যাপারটা নির্ভর করছে ক্রিকেটারদের ওপর। গত শনিবার পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও অন্যান্য পরিচালকরা। সেখানে ক্রিকেটারদের কাছ থেকে পাকিস্তান সফরের ব্যাপারে তাদের ইচ্ছার কথা জানতে চাওয়া হয়। যুদ্ধ পরিস্থিতিতে বেশিরভাগ ক্রিকেটারই পাকিস্তানে সফরে নিজেদের অনাগ্রহের কথা জানায়। এখন ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি থাকায় আপাতত দেশটির পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে। এই পরিস্থিতিতে ক্রিকেটাররা পাকিস্তান সফরে রাজি হবেন কি না তা ক্রিকেটারদের কাছে জানতে চেয়েছে বিসিবি। তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পাকিস্তানে সফরে বিসিবি দল পাঠাবে কি না। অবশ্য সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাবও যেতে পারে বিসিবির পক্ষ থেকে। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে সিরিজ আয়োজিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে বিসিবির সিদ্ধান্তের উপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন