১৯৯২ তে ফুটবলে অভিষেক দেশটি খেলবে এবার বিশ্বকাপে

১৯৯২ তে ফুটবলে অভিষেক দেশটি খেলবে এবার বিশ্বকাপে

উজবেকিস্তানের জন্য এটা স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার মতো ব্যাপার। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এশিয়ান দলটি। যেটা এখন বিশ্ব ফুটবলে অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। তাদের বিপক্ষে হার এড়ালেই চলতো উজবেকিস্তানের। এমন সমীকরণে গোলশূন্য ড্র করেছে দলটি। এই ড্রয়ে শীর্ষ দুইয়ে থেকে বাছাইপর্ব শেষ করবে উজবেকিস্তান- সেটা এখন নিশ্চিত। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। ৫ জয়ের বিপরীতে একটিতে হেরেছে উজবেকিস্তান। বাকি ম্যাচ তিনটি ড্র হয়েছে।

বিজ্ঞাপন

অথচ আন্তর্জাতিক ফুটবলে উজবেকিস্তানের পথচলা খুব বেশিদিনের নয়। স্বাধীন দেশ হিসেবে ১৯৯২ তে ফুটবলে অভিষেক হয় দলটির। একটা সময় বাংলাদেশের সঙ্গে নিয়মিত খেলতো তারা। ১৯৯৬ সাল থেকে এশিয়ান কাপে নিয়মিত মুখ উজবেকিস্তান। ২০০৪ সাল থেকে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রতিবারই গ্রুপ পর্বের বাধা পার করেছে দলটি।

উজবেকিস্তানের বিশ্বকাপে খেলার অপেক্ষা ফুরাতে পারতো আরও ১৯ বছর আগে- ২০০৬ বিশ্বকাপেই। কিন্তু প্লে অফে রেফারির একটি ভুলের কারণে সে সুযোগ হাতছাড়া করে র‌্যাঙ্কিংয়ের ৫৭ নম্বর দলটি। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বের টিকিট হাতে পেয়েছে উজবেকিস্তান।

২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আয়োজক হিসেবে এই তিন দল বিশ্বকাপ খেলবে। স্বাগতিক তিন দল ছাড়া আরও সাত দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ছাড়া বাকি দল চারটি হলো নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, ইরান ও জাপান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন