ভারত কোচের কণ্ঠে হামজার প্রশংসা

ভারত কোচের কণ্ঠে হামজার প্রশংসা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা তৈরি হয়েছে। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে ঘিরে ভারতীয়দের মধ্যেও আগ্রহের কমতি নেই। মালদ্বীপের বিপক্ষে ৩-০ ভারতের জয়ের পর হামজাকে নিয়ে কথা বললেন ভারত কোচ মানোলো মার্কুয়েজ। তিনি বলেন, ‘হামজা দারুণ একজন খেলোয়াড়। সে এখন প্রিমিয়ার লিগে নেই। তবে নিয়মিত চ্যাম্পিয়নশিপে খেলছে। বাংলাদেশ ভালো ফুটবল খেলছে। কেননা, একই কোচের অধীনে গত তিনবার চার মৌসুমে ধরে খেলছে তারা।’

হামজা যোগ দেওয়ায় বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ সহজ হবে না বলে মনে করেন মার্কুয়েজ। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। সম্ভবত বেশি গোল করতে হবে। আমার মতে, দুদলের জন্যই ম্যাচটি কঠিন হবে।’ অবশ্য বাংলাদেশ ম্যাচের আগে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়টি আত্মবিশ্বাস জোগাবে ভারতকে। মার্কুয়েজ বলেন, ‘যখন আপনি জয় পাবেন, সব সময় আনন্দিত হবেন। আপনি ভালো কিংবা খারাপ খেলতে পারেন। তবে অনেক ম্যাচের পর জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

অবসর ভেঙে দলে ফেরা সুনিল ছেত্রী গোল পাওয়ায় খুবই খুশি ভারত কোচ মার্কুয়েজ। তিনি বলেন, ‘আমি খুশি। তবে আমার চেয়ে সুনিল বেশি খুশি। এটি হয়তো ৯৫তম গোল, আমি জানি না। তবে এটা দারুণ একটি সংখ্যা। তার কোনো কিছু প্রমাণের দরকার নেই।’ সুনিল স্বরূপে ফিরলেও ইনজুরির কারণে বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ায় চিন্তার ভাঁজ মার্কুয়েজের কপালে। মানভির সিং ও লালিয়ানজুয়ালা ছাংতের পর এবার ব্রেন্ডন ফার্নান্দেজ চোটে পড়ে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়েন। ভারত কোচ বলেন, ‘সে খেলতে পারছে না। কাউকে ডাকতে হবে।’ চোটগ্রস্ত খেলোয়াড়ের জায়গায় যাদেরকেই নেওয়া হোক না কেন, হামজাকে নিয়ে যে আলাদা পরিকল্পনা থাকবে কোচ মার্কুয়েজের, সেটি বলার অপেক্ষা রাখে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন