টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনেই টের পাওয়া গিয়েছিল উইকেটের আচরণ। দ্বিতীয় দিনেও সেই ধারা বজায় রইলো। তাতে নায়ক হয়ে উঠলেন অস্ট্রেলিয়ান দলপতি প্যাট কামিন্স। তার ক্যারিয়ারের ১৪তম ফাইফারের দিনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গেল ৫৭.১ ওভারে ১৩৮ রানে। অজিদের লিড ৭৪ রানের। প্রথম ইনিংসে ৫৬.৪ ওভারে ২১২ রান করেছিল অস্ট্রেলিয়া।
লর্ডসে দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তোপের সামনে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় রান একশর ঘরে পৌছানোর আগেই বিদায় নেন বাভুমা (৩৬)। জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর দ্রুত বিদায় নেন কাইল ভেরেন্নে (১৩) ও মার্কো জানসেন (০)। দুজনকেই বিদায় করেন কামিন্স।
একপ্রান্ত আগলে থাকা বেডিংহ্যামকেও ৪৫ রানে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার তুলে নেন কামিন্স। শেষে রাবাদাকেও আউট করে টেস্ট ক্যারিয়ারের ৩০০তম উইকেট দখল করে মাঠ ছাড়েন অজি দলপতি। কামিন্সের এই ফাইফার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো অস্ট্রেলিয়ানের প্রথম ৫ উইকেটের রেকর্ড। তার সঙ্গে হাত মিলিয়ে স্টার্ক ২ ও হ্যাজেলউড নিয়েছেন ১ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। তাতে স্টিভ স্মিথ আর বাউ ওয়েবস্টার বাদে আর কেউ দাঁড়াতেই পারেননি। স্মিথ ৬৬ ও ওয়েবস্টার করেন ৭২ রান। অস্ট্রেলিয়া থামে ২১২ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা নেন সর্বোচ্চ ৫ উইকেট। ৩ উইকেট নেন মার্কো জানসেন। ১টি করে উইকেট নেন কেশভ মহারাজ ও মার্করাম।
এরপর ব্যাটিংয়ে নেমে লড়াই জমিয়ে তোলে অস্ট্রেলিয়া। জবাবী ইনিংসে ৫০ রান তোলার আগেই দক্ষিণ আফ্রিকার চার উইকেট হাওয়া। ২২ ওভারে ৪৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে বাভুমার দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

