সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজে টিকে থাকতে চাইলে তাই দ্বিতীয় একদিনের ম্যাচে জেতার বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। এই সমীকরণ মেলাতে পারেনি তারা। ৮৪ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই প্রোটিয়াদের হাতে ট্রফি তুলে দিয়েছে অজিরা।

প্রথম ওয়ানডের মতো এদিনও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ডে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৭৭ রানে অলআউট হয় অতিথিরা। জবাবে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

এর আগে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে অস্ট্রেলিয়া। এবার ওয়ানডে সিরিজ জিতে প্রতিশোধ নিলো দক্ষিণ আফ্রিকা। এখন তাদের সামনে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার সুযোগ।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন কেবল জস ইংলিস ও ক্যামেরুন গ্রিন। দলীয় ৩৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন তারা। চতুর্থ উইকেটে ৬৭ রান এনে দেন এই দুইজন। গ্রিন ৩৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

সপ্তম ব্যাটার হিসেবে ফেরার আগে ৮৭ রানের ইনিংস খেলেন ইংলিস। ৪২ রানে ৫ উইকেট নিয়ে এদিন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার লুঙ্গি এনগিদি। সেনুরান মুথুসামি ও নান্দ্রে বার্গার নেন দুটি করে উইকেট।

এর আগে ম্যাথু ব্রিটজকে ও ট্রিস্টান স্টাবসের দুটি বড় ইনিংসে ভর দিয়ে এই পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ৭৮ বলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৮৮ রান করেন ব্রিটজকে। স্টাবসের ব্যাট থেকে আসে ৭৪ রান। টনি ডি জর্জির অবদান ৩৮ রান। উইয়ান মুলডার করেন ২৬ রান। ৩ উইকেট নিতে ৬৩ রান খরচ করেন অ্যাডাম জাম্পা। জাভিয়ের বার্টলেট, নাথান এলিস ও মার্নাস লাবুশান দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২৭৭/১০- ৪৯.১ ওভার (ব্রিটজকে ৮৮, স্টাবস ৭৪, টনি ৩৮; জাম্পা ৩/৬৩)

অস্ট্রেলিয়া: ১৯৩/১০- ৩৭.৪ ওভার (ইংলিস ৮৭, গ্রিন ৩৫, মার্শ ১৮; এনগিদি ৫/৪২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৮৪ রানে জয়ী

সিরিজ: দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী (এক ম্যাচ হাতে রেখে)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন