বাংলাদেশ নারী ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সারোয়ার ইমরান। শ্রীলঙ্কার হাশান তিলকরত্নের স্থলাভিষিক্ত হচ্ছেন দেশি কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করেছেন।
কোচিংয়ে স্থানীয় কোচদের উন্নতির সুযোগ করে দিতেই সারোয়ার ইমরানকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ মঙ্গলবার এ নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘হাশান চলে যাওয়া পদটা খালি পড়ে ছিল। ইমরানকে (সারোয়ার) জাতীয় নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
দায়িত্ব নিয়েই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, জাতীয় দলে স্থানীয় কোচদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যথাসাধ্য চেষ্টা করব। এবং ইমরানের নিয়োগ সেই প্রতিশ্রুতিরই একটি অংশ। আমার মনে হয়, যদি আমরা তাদের দায়িত্ব না দিই, তাহলে আমরা কীভাবে জানব যে তারা পারফর্ম করছে কিনা।’
ইমরানকে নিয়োগ দিয়েই থামতে চান না ফারুক। জাতীয় পর্যায়ে আরও অনেক কোচ নিয়োগ দিতে চান বোর্ড প্রধান, ‘আমরা ইতিমধ্যেই পুরুষদের জাতীয় দলে সালাহউদ্দিনকে অন্তর্ভুক্ত করেছি এবং আগামী দিনে আরও কিছু মুখ আনতে চাই।’
কোচ ইমরান এর আগেও জাতীয় দলে কাজ করেছেন। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে বাংলাদেশের পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।
নারী দলের সঙ্গে অবশ্য এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন কোচ ইমরান। আট দলের আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্বের জন্য প্রস্তুত করছেন এখন দেশের নারী ক্রিকেটারদের। সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট কাটতে না পারায় এখন বাছাই পর্বের বৈতরণী পেরোতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

