লিডস টেস্টে ক্যাচ মিসের মহড়ায় নেমেছে ভারত। সব মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। তবে ক্যাচ মিসের সুযোগ নিয়েও সেঞ্চুরি করতে পারলেন না হ্যারি ব্রুক, ৯৯ রানে আটকে গেছেন ইংলিশ ব্যাটার। তবে ইংলিশরা জবাব দিচ্ছে সমানে সমান। তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৯৬ ওভারে ৮ উইকেটে ৪৫৩ রান। ক্রিজে আছেন ক্রিস ওকস (৩৮) ও জশ টং (২)।
২০৯ রানে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড তৃতীয় দিনের শুরুতেই ওলি পোপকে (১০৬) হারায়। তাকে ফেরান প্রসিধ কৃষ্ণ। এরপর বেন স্টোকসকে নিয়ে দলকে আড়াইশ পার করান হ্যারি ব্রুক। ২০ রান করে সিরাজের বলে ফিরে যান স্টোকসও। ক্রিজে আসেন জেমি স্মিথ। তাকে নিয়ে আগাতে থাকেন ব্রুক। ৬৫ বলে ফিফটি স্পর্শ করেন ব্রুক।
এই জুটি বড় সংগ্রহের দিকে ধাবিত হতেই প্রসিধের আঘাত। ৪০ রান করা স্মিথকে ফেরান তিনি। স্মিথের বিদায়ের পর আসেন ক্রিস ওকস। ব্রুক এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ১ রান দূরে তাকে থামান প্রসিধ। ৯৯ রানের আক্ষেপ সঙ্গী হয় তার। এরপর ব্রেন্ডন কার্সও ২২ রানে ফিরে যান।
এর আগে প্রথম ইনিংসে দারুণ শুরু করে ভারত। তিন সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথেই ছিল তারা। যশস্বী জয়সওয়াল (১০১) ও শুভমান গিলের (১৪৭) পর সেঞ্চুরি করেন পান্তও (১৩৪)। ১৪৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন এই উইকেটকিপার ব্যাটার। দলীয় ৪৩০ রানের মাথায় তিনি বিদায় নিতেই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। পরের ৬ ব্যাটারের মধ্যে রবীন্দ্র জাদেজা (১১_ বাদে কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ইংল্যান্ডের পক্ষে সমান চারটি করে উইকেট নেন জশ টং ও অধিনায়ক বেন স্টোকস। ১টি করে উইকেট দখল করেন ব্রেন্ডন কার্স ও শোয়েব বশির।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ১১৩ ওভারে ৪৭১/১০ (গিল ১৪৭, পান্ত ১৩৪, জয়সওয়াল ১০১; স্টোকস ৪/৬৬, টং ৪/৮৬)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯৬ ওভারে ৪৫৩/৮ (পোপ ১০৬, ব্রুক ৯৯, ডাকেট ৬২; বুমরাহ ৩/৭৭, প্রসিধ ৩/১২৮)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

