পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আর্চারি থেকে পদক জয়ের যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দল রওনা হয়েছিল, তা শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। দলীয় ইভেন্টের পর রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টেও কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেননি দেশের আর্চাররা। ফলে খালি হাতেই আসর শেষ করতে হয়েছে তাদের।

আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই রিকার্ভ ইভেন্ট থেকে দেশের জন্য বেশি সাফল্য এসেছে। তবে এবারের এশিয়ান গেমসে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

শিমু আক্তার ফিলিস্তিনের রাশাকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারালেও ১/১৬ স্টেজে চীনের জুয়ের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নেন। তবে এই ইভেন্টে বাংলাদেশের বড় চমক ছিল মাত্র ১৪ বছর বয়সি সায়মা সালাউদ্দিন। প্রথম রাউন্ডে বাই পেয়ে ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে পরাজিত করে প্রি-কোয়ার্টারে জায়গা করে নেন তিনি। যদিও শেষ ষোলোর লড়াইয়ে ভারতের শক্তিশালী প্রতিপক্ষ আনিলের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে তাকে থেমে যেতে হয়।

আব্দুর রহমান আলিফ থাইল্যান্ডের তানাকর্নকে ৬-০ সেট পয়েন্টে পরাজিত করলেও পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ার আর্চার লি’র বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। এছাড়া রামকৃষ্ণ সাহাও প্রথম রাউন্ডে বাই পেয়ে পরের রাউন্ডে কাজাখস্তানের ডাউলেটকেডির বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে পরাজিত হন।

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ আর্চার দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক জানান, দলীয় ইভেন্টগুলোর একটিতে টাইব্রেকার আর দুটিতে মাত্র এক পয়েন্টের ব্যবধানে হেরে যাওয়ায় বড় সুযোগ হাতছাড়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত ইভেন্টেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার প্রত্যাশা ছিল, যা পূরণ হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন