ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠছে আগামী ৪ মে। প্রায় এক মাসব্যাপী এই আসর চলবে ১১ জুন পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম তিন রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা দল রানার্স-আপ। অবনমন লিগ না থাকলেও নিচের দুই দল সরাসরি নেমে যাবে ঢাকা প্রথম বিভাগে।
সূচি অনুযায়ী, প্রতিটি রাউন্ডে একদিনেই সব দল মাঠে নামবে। কোনো ম্যাচ বৃষ্টিসহ অনাকাঙ্ক্ষিত কারণে পরিত্যক্ত হলে পরের দিন রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
প্রথম রাউন্ড (৪ মে)
লিগের উদ্বোধনী দিনে ছয়টি ভেন্যুতে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে ঢাকা লেপার্ডসের। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে।
এ ছাড়া ইউল্যাবে ব্রাদার্স ইউনিয়ন বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্স, পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব বনাম বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের।
দ্বিতীয় রাউন্ড (৭ মে)
দ্বিতীয় রাউন্ডেও একই ছন্দে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আবাহনী খেলবে সিটি ক্লাবের বিপক্ষে, মোহামেডান মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের।
গাজী গ্রুপ খেলবে রূপগঞ্জের বিপক্ষে, লিজেন্ডস অব রূপগঞ্জ লড়বে বসুন্ধরা স্ট্রাইকার্সের সঙ্গে। অন্য ম্যাচগুলোতে গুলশান ক্রিকেট ক্লাব বনাম প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংক বনাম ঢাকা লেপার্ডস মুখোমুখি হবে।
৮ মে রাখা হয়েছে রিজার্ভ ডে এবং ৯ মে বিশ্রামের দিন।
তৃতীয় রাউন্ড (১০ মে)
তৃতীয় রাউন্ডে আবাহনী খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। মোহামেডান মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্সের।
গাজী গ্রুপ বনাম বসুন্ধরা স্ট্রাইকার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম প্রাইম ব্যাংক, গুলশান ক্রিকেট ক্লাব বনাম অগ্রণী ব্যাংক এবং সিটি ক্লাব বনাম ঢাকা লেপার্ডস—এই ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে একই দিনে।
সব মিলিয়ে জমজমাট সূচি নিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসর। প্রথম তিন রাউন্ডেই শীর্ষ দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে লড়াইয়ে নামবে বলে ধারণা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

