সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৪ বছর। ২০১২ লন্ডন অলিম্পিকের মশালবাহক ছিলেন ফৌজা সিং। সোমবার পাঞ্জাবের জলন্ধরে নিজ গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এমন সময় যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে তার। তবে কোন ধরনের যানবাহনের সঙ্গে ধাক্কা লেগেছে তার- সে বিষয়ে কিছু জানা যায়নি বলে দাবি বার্তা সংস্থা পিটিআই।
ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম পিটিআইকে আদমপুর পুলিশ স্টেশনের অফিসার হরদেভপ্রীত সিং জানান, মাথায় আঘাত পেয়ে সোমবার সন্ধ্যায় মারা যান ফৌজা। হরদেভপ্রীতের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দূর্ঘটনার পর পরই চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। তাই যানবাহনটি চিহ্নিত করা সম্ভব হয়নি। অজ্ঞাতনামা সেই চালকের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। ফৌজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের গভর্নর গুলাব চাঁদ কাটারিয়া। ওই শোকবার্তায় তিনি বলেন, 'ফৌজা সিংয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তিনি একজন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ছিলেন।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

