বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচে হেলমেট টানাটানি ঘটনায় শাস্তির খড়গ নেমে আসবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ওপর সেটা অনুমিতই ছিল। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। ওই ঘটনায় তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটির দ্বিতীয় দিনের ঘটনা। এনটুলির করা ১০৪তম ওভারের প্রথম বলে ছয় মারেন বাংলাদেশ ইমার্জিং দলের রিপন মন্ডল। এরপর কোনো একটা কথার জের ধরে তার সঙ্গে লেগে যায় এনটুলির। সঙ্গে সঙ্গেই রিপনের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যান এই অফস্পিনার। মুখোমুখি হয়ে প্রথমে রিপনকে ধাক্কা দেন। এরপর হেলমেট ধরে টানাটানি শুরু করেন।
পরিস্থিতি খারাপ দেখে ছুঁটে আসেন আম্পায়ার। তাতেও শান্ত হননি এনটুলি। আম্পায়ারের সামনেই দ্বিতীয় দফায় রিপনের হেলমেট ধরে টানাটানি করেন প্রোটিয়া বোলার। অনেক চেষ্টা করেও আম্পায়ার তাকে থামাতে পারছিলেন না। আম্পায়ারের বাধায় এক পর্যায়ে রিপনের হেলমেট ছাড়লেও শান্ত হননি এনটুলি। দৃশ্যপটের শেষটায় আঙুল উঁচিয়ে রিপনে হুমকি দেন তিনি।
ওই ঘটনায় বাজে শব্দ ব্যবহার করায় রিপনকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এনটুলি পেয়েছেন চারটি ডেমেরিট পয়েন্ট। এছাড়া প্রোটিয়া ইমার্জিং দলের আরেক ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
যদিও সংশ্লিষ্ট ক্রিকেটারদের জন্য এই শাস্তিই চূড়ান্ত নয়। নিজস্ব ক্রিকেট বোর্ড থেকে আরও শাস্তি পেতে পারেন তারা, গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

