সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের টার্গেট শিরোপা

বাংলাদেশের টার্গেট শিরোপা

আগামী ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর। এ টুর্নামেন্টে শিরোপা জিততে চায় বাংলাদেশ। গতকাল শুক্রবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথা জানান কোচ ও অধিনায়ক। যদিও গত বছর ভুটানে অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। তবে এবার শ্রীলঙ্কা থেকে শিরোপা নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশের ছেলেরা।

অনূর্ধ্ব-১৭ সাফে ৭টি দল দুই গ্রুপ বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে ২১ সেপ্টেম্বর নেপাল ও ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে রয়েছে চারটি দল- ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও ভারত। এ বয়সভিত্তিক সাফ সামনে রেখে গত দেড় মাস যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে ক্যাম্প গড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৭ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছেন। তাদের মধ্যে জেতার ক্ষুধা দেখতে পাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমরা জানি, আমাদের প্রতিপক্ষ কারা এবং তাদের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবার আমাদের লক্ষ্য একটাই- চ্যাম্পিয়ন হওয়া।’

কোচের সুরে কথা বললেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও। তিনি বলেন, ‘আমরা গতবারের ফাইনাল হারের কষ্ট ভুলিনি। সেই হার থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা এবার শুধু সেমিফাইনাল বা ফাইনাল খেলার জন্য যাচ্ছি না, আমরা শিরোপা জিতেই দেশে ফিরতে চাই।’ আজ শনিবার সাফের মিশনে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন