আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শুরুর আগেই ‘শেষ’ পাঁচ তারকার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

শুরুর আগেই ‘শেষ’ পাঁচ তারকার বিশ্বকাপ

বিশ্বকাপ খেলাটা প্রায় প্রতিটি ফুটবলারের স্বপ্ন। জাতীয় দলের জার্সিতে বিশ্বসেরা মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন বলেই মনে করেন অধিকাংশ খেলোয়াড়। কিন্তু সেই স্বপ্নের পথে অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায় চোট। ২০২৬ বিশ্বকাপের তিন মাস বাকি থাকতেই শেষ হয়ে গেছে কয়েকজন তারকা ফুটবলারের বিশ্বকাপ স্বপ্ন! যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বমঞ্চে হয়তো দর্শক হয়েই থাকতে হবে তাদেরকে।

এই তালিকায় প্রথম নামটা ব্রাজিলের রদ্রিগো। তার ক্লাব রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে এবং বাইরের মেনিস্কাসেও গুরুতর ক্ষতি হয়েছে। এই চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। ফলে শুধু ক্লাব ফুটবলই নয়, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নও আপাতত শেষ হয়ে গেছে। তাই ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তিকে রদ্রিগোকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার শিবিরেও আছে দুঃসংবাদ! ডিফেন্ডার হুয়ান ফয়েথ গুরুতর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে। ভিয়ারিয়লের এই ডিফেন্ডারের বাঁ পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে চলতি বছরের জানুয়ারিতে। সাধারণত এমন চোট থেকে ফিরতে প্রায় এক বছর সময় লাগে। ফলে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ইংল্যান্ডের উইঙ্গার জ্যাক গ্রিলিশও বড় ধাক্কা খেয়েছেন চোটে। ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারর্টনে যোগ দিয়ে ভালো ছন্দে ছিলেন তিনি। কিন্তু পায়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হয়েছে ৩০ বছর বয়সী এই উইঙ্গারকে। ফলে মৌসুমের বাকি অংশে তার খেলা অনিশ্চিত এবং বিশ্বকাপে ইংল্যান্ড দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেছে।

স্পেন দলের মাঝমাঠের অন্যতম ভরসা মিকেল মেরিনোও চোটে ভুগছেন। বর্তমানে আর্সেনালের এই মিডফিল্ডার ডান পায়ের হাড়ে ফাটল ধরা পড়ার পর অস্ত্রোপচারের পর পুনর্বাসনে আছেন। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাই বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে বড় অনিশ্চয়তা।

জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানকেও নিয়ে দুশ্চিন্তায় দল। বার্সেলোনাতে নিয়মিত খেলার সুযোগ কমে যাওয়ায় ধারে জিরোনাতে যোগ দেন তিনি। কিন্তু নতুন ক্লাবে মাত্র দুটি ম্যাচ খেলেই বাম পায়ে গুরুতর চোট পান এই জার্মান গোলকিপার। এতে মৌসুমের সঙ্গে সঙ্গে তার বিশ্বকাপ স্বপ্নও প্রায় শেষ হয়ে গেছে।

এদিকে জাপান জাতীয় ফুটবল দলও বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায়। অ্যাটাকিং মিডফিল্ডার তাকুমি মিনামিনো গত বছরের ডিসেম্বরে এএস মোনাকো–এর হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুর এসিএল ছিঁড়ে ফেলেন। এই গুরুতর চোটের কারণে বিশ্বকাপে তার খেলা নিয়েও তৈরি হয়েছে বড় শঙ্কা।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে এমন একের পর এক চোটের ঘটনা সংশ্লিষ্ট দলগুলোর পরিকল্পনায় বড় ধাক্কা দিচ্ছে। এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াইই চালিয়ে যেতে হবে এসব তারকা ফুটবলারদের। একই সঙ্গে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়েই দেখতে হবে সতীর্থদের দাপিয়ে বেড়ানোর দৃশ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...