ইউএস ওপেন: মিশ্র দ্বৈত

শিরোপা ধরে রাখলেন এরানি-ভাভাসোরি

শিরোপা ধরে রাখলেন এরানি-ভাভাসোরি

জুটি বেঁধেছিলেন কার্লোস আলকারাজ ও এমা রাদুকানু। ইউএস ওপেনে তাদের পার্টনারশিপ চুকে গেছে প্রথম ম্যাচেই। মিশ্র দ্বৈত ইভেন্টের এই স্প্যানিশ-ব্রিটিশ জুটি বিদায় নিয়েছেন শেষ ষোলো রাউন্ড থেকেই। তাদের মতো প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান নোভাক জোকোভিচ-ওলগা দানিলোভিচ জুটিও।

বিজ্ঞাপন

ইতালির সুপারস্টার জানিক সিনার জুটি গড়েছিলেন ক্যাটেরিনা সিনিয়াকোভার সঙ্গে। কিন্তু সিনারের চোটের জন্য কোর্টেই নামতে পারেননি এই ইতালীয়-চেক জুটি।

তবে শিরোপা লড়াইয়ে টিকে ছিলেন ইগা শিয়াটেক ও ক্যাসপার রুড জুটি। দুজনে নাম লিখেছিলেন ফাইনালেও। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে খেই হারিয়ে ফেলেছেন তারা। পোল্যান্ড-নরওয়ের এই জুটির হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন হয়ে টেনিস প্রেমীদের চমকে দিয়েছেন সারা এরানি ও আন্দ্রেয়া ভাভাসোরি জুটি।


অসাধারণ নৈপুণ্যে ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা অক্ষুণ্ণ রেখে ইতালির এরানি-ভাভাসোরি। গতকাল সকালে নিউইয়র্কে শিয়াটেক-রুড জুটিকে ৬-৩ ও ৫-৭ (১০-৬) গেমে ধরাশায়ী করে টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন ইতালিয়ান এই জুটি। প্রথম দুই সেটে দুদল জেতায় ম্যাচ থেকে যায় অমীমাংসিত। শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কাজের কাজটি করে নেন এরানি-ভাভাসোরি জুটি।

শিরোপা জয়ের পথে টানা দুই দিনে চারটি ম্যাচ জিতেছেন তারা। চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে দুজনে আয় করেছেন এক মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকা।


বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মূল আসর শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে। সাধারণত সব ইভেন্ট এক সঙ্গে গড়ায় কোর্টে। কিন্তু এবার সূচিতে পরিবর্তন এনেছে ইউএস ওপেনের আয়োজকরা। মূল খেলা শুরুর এক সপ্তাহে আগে কোর্টে গড়ায় মিশ্র দ্বৈতের নতুন ফরম্যাটের খেলা।

এ নিয়ে আপত্তি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এরানি-ভাভাসোরি জুটির। নিয়ম বদল করায় ‘আসল’ দ্বৈত জুটিগুলো এবার প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। এজন্য সমালোচনা হয়েছে বিস্তর। তবে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন ট্রফিতে আদুরে চুমু খেতে পেরে দুজনে ভাসছেন এখন উচ্ছ্বাসের জোয়ারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন