অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি থেকে খালি হাতে ফিরতে হলো না বাংলাদেশ নারী দলকে। প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছে শারিকা রিমনের দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে পুরুষদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরেছে বাংলাদেশ যুব হকি দল।
আইরিন আক্তারের দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছে বাংলাদেশ নারী হকি দল। হ্যাটট্রিক করেছেন আইরিন। ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ২০ মিনিটের মধ্যে আরও দুইবার উৎসবের উপলক্ষ্য এনে দেন আইরিন। এছাড়া একটি করে গোল করেন রিমন, কণা আক্তার ও রিয়াশা রিশি।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় মেয়েরা। তৃতীয় ম্যাচে হংকংকে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। যদিও ফাইনালে উঠার মিশনে চীনের সাথে পেরে উঠেনি- হেরেছে ৯-০ গোলে। এরপর ২-২ গোলে কাজাখস্তানের সঙ্গে ড্র করে শারিকারা। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একই দলকে বিধ্বস্ত করে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

