আন্তর্জাতিক ক্রিকেটকে পুরানের বিদায়

আন্তর্জাতিক ক্রিকেটকে পুরানের বিদায়

বিজ্ঞাপন

কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ধুম পড়েছে। এই তালিকার সবশেষ সংযোজন নিকোলাস পুরান। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় পুরান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টি-টোয়েন্টিতে সময়ের সেরা ব্যাটারদের একজন পুরান। এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে। কুড়ি ওভারের ক্রিকেটে ক্যারিবিয়ানদের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিকও এই বাঁহাতি ব্যাটার। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। দেশের হয়ে ১০৬ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ দুই হাজার ২৭৫ রান। স্ট্রাইকরেট ১৩৬.৩৯। ফিফটি হাঁকিয়েছেন ১৩ বার। অন্যদিকে ৬১ ওয়ানডেতে প্রায় ১০০ স্ট্রাইকরেটে এক হাজার ৯৮৩ রান করেছেন পুরান। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিত ফ্রাঞ্চাইজি লিগ খেলা চালিয়ে যাবেন তিনি।

অবসরের ঘোষণা দিতে গিয়ে পুরান বলেন, 'অনেক চিন্তা ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছি। এই খেলাটি আমাকে অনেক কিছু দিয়েছে এবং দিয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপানো এবং মাঠে নেমে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুভূতি কেমন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক বেশি সম্মানের ছিল। এটা সব সময় আমার হৃদয়ের খুব কাছে থেকে যাবে। অবসর নিলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আগামী দিনের পথচলার জন্য দলটিকে শুভকামনা জানাচ্ছি।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন