আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে ৯ কার্ড দেখানো রেফারি

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণে ৯ কার্ড দেখানো রেফারি

২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে তাঁর সিদ্ধান্তের দিকেও থাকবে সমর্থক ও বিশ্লেষকদের বাড়তি নজর।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী এই রেফারি। নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং নরওয়ে-ব্রাজিল ম্যাচ পরিচালনা করে তিনি আলোচনায় এসেছেন কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে। তিন ম্যাচে তিনি দেখিয়েছেন মোট ৮টি হলুদ ও ১টি লাল কার্ড।

একমাত্র লাল কার্ডটি দেখেছিলেন উরুগুয়ের অগুস্তিন কানোবিওকে। স্পেনের বিপক্ষে ম্যাচের শেষদিকে পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই ম্যাচে এলফাতের কিছু সিদ্ধান্ত নিয়ে স্প্যানিশ গণমাধ্যমেও সমালোচনা হয়েছিল। বিশেষ করে ইনিয়াকি উইলিয়ামসের ওপর রদ্রিগো বেনতানকুরের ফাউলের ঘটনায় শুধু হলুদ কার্ড দেখানো নিয়ে প্রশ্ন ওঠে।

নরওয়ে-ব্রাজিল ম্যাচেও আলোচনার কেন্দ্রে ছিলেন এলফাত। ক্রিস্তোফার আয়েরের চ্যালেঞ্জে মাথেউস কুনিয়া বক্সে পড়ে গেলেও প্রথমে পেনাল্টি দেননি তিনি। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলান। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

আর্জেন্টিনার জন্য অবশ্য এলফাত অপরিচিত নন। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে তিনি ছিলেন চতুর্থ রেফারি। এছাড়া ২০২৩ লিগস কাপ ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে লিওনেল মেসির ইন্টার মায়ামি শিরোপা জিতেছিল।

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাত ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও পরে বেছে নেন রেফারিংয়ের পথ। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় আছেন এবং মেজর লিগ সকারে (এমএলএস) দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন।

বিশ্বকাপ, কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ ফুটবলের বড় বড় আসরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাতার বিশ্বকাপের পর এটি এলফাতের দ্বিতীয় বিশ্বকাপ।

সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এলফাতকে সহায়তা করবেন স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। এখন দেখার বিষয়, ইতিহাস আর আবেগে মোড়া আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে আলোচনার কেন্দ্রবিন্দুতে কে থাকেন; ফুটবলাররা নাকি রেফারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন