সাংবাদিক–বিশ্লেষক সবাই বলছেন, ট্রফি এবার ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক

সাংবাদিক–বিশ্লেষক সবাই বলছেন, ট্রফি এবার ফ্রান্সের

২০২৬ বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড—এই চার পরাশক্তির মধ্য থেকেই রবিবার নিউইয়র্কে উঠবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের নাম। তবে সেমিফাইনালের আগে বিভিন্ন দেশের সাংবাদিক, বিশ্লেষক এবং সমর্থকদের মতামত বলছে, সবচেয়ে বড় ফেবারিট হিসেবে এগিয়ে আছে ফ্রান্স।

বিবিসি স্পোর্টস চার সেমিফাইনালিস্ট দেশের সাংবাদিক ও সমর্থকদের মতামত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সবচেয়ে বেশি আস্থা দেখা গেছে দিদিয়ের দেশমের দলের প্রতিই।

স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগে চার দলের শক্তির আলাদা মূল্যায়ন করেছেন। তাঁর মতে, স্পেন সবচেয়ে পরিপূর্ণ দল, ফ্রান্সের হাতে রয়েছে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় পরিকল্পনা আর ইংল্যান্ডের ভরসা দুই বিশ্বমানের তারকা।

তবে বালাগে মনে করেন, ফ্রান্সকে হারাতে হলে স্পেনকে নিখুঁত ফুটবল খেলতে হবে। বিশেষ করে লামিনে ইয়ামালকে খেলতে হবে নিজের সেরা ছন্দে। আর আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে যতটা সম্ভব ধীরগতির রেখে লিওনেল মেসি কিংবা হুলিয়ান আলভারেজের জাদুকরী মুহূর্তের অপেক্ষায় থাকবে। যদিও তাঁর মতে, এভাবে খেলতে গিয়ে স্কালোনির দল আগুন নিয়েই খেলছে।

মজার বিষয় হলো, স্পেনের একাংশ সমর্থক নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও অনেকেই মনে করছেন, ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ী দলই শেষ পর্যন্ত শিরোপা জিতবে।

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লেখক ফিল ম্যাকনাল্টিও মনে করেন, থমাস টুখেলের দল আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে। তবে ট্রফি জেতার দৌড়ে তিনি এগিয়ে রাখছেন ফ্রান্সকেই।

তাঁর ভাষায়, কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দে আছেন। পাশাপাশি উসমান দেম্বেলে, মাইকেল অলিসে, দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা ও রায়ান শেরকির মতো তারকাদের নিয়ে ফ্রান্সের আক্রমণভাগ অন্য সবার চেয়ে ভয়ংকর। তাই তাঁর ভবিষ্যদ্বাণী, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিদায়ী কোচ দিদিয়ের দেশমের হাতেই উঠবে বিশ্বকাপ।

ফরাসি সাংবাদিক আবদুল-করিমও একই সুরে কথা বলেছেন। তাঁর মতে, এবার ফ্রান্স দলে আগের বড় টুর্নামেন্টগুলোর মতো কোনো বিতর্ক বা অস্থিরতা নেই। পুরো দল আত্মবিশ্বাসে টইটম্বুর। এমনকি বাস্তিল দিবসের আতশবাজিও কয়েকটি শহরে সেমিফাইনালের পরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, যেন পুরো দেশ সম্ভাব্য ফাইনালে ওঠার উৎসব একসঙ্গে করতে পারে।

অন্যদিকে আর্জেন্টিনার সাংবাদিক সান্তি সিওলাও সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ফ্রান্সকেই বেছে নিয়েছেন। তাঁর মতে, আক্রমণে ফ্রান্স প্রতিপক্ষের মধ্যে ভয় সৃষ্টি করে, আর টুর্নামেন্ট যত এগিয়েছে তাদের রক্ষণও ততটাই শক্তিশালী হয়েছে। যদিও হৃদয়ের টানে তিনি আর্জেন্টিনাকেই সমর্থন করছেন, তবু ফুটবলীয় বিচারে ফ্রান্সকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রেখেছেন।

চার সেমিফাইনালিস্টকে ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও আন্তর্জাতিক গণমাধ্যম, বিশ্লেষক এবং বিভিন্ন দেশের সমর্থকদের বড় একটি অংশের বিশ্বাস—সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ বিশ্বকাপের ট্রফি এবার কিলিয়ান এমবাপ্পেদের হাতেই উঠতে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন