বিশ্বকাপের ফাইনালের টিকিটের লড়াইয়ে বুধবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই মহারণের আগে প্রস্তুতির শেষ ধাপে রয়েছে লিওনেল স্কালোনির দল। কানসাস সিটিতে অনুশীলন শেষে ইতোমধ্যেই আটলান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর শেষ মুহূর্তে একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
সোমবারের অনুশীলনে ফুটবলাররা প্রথমে ফিটনেস ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ে ছোট পরিসরের অনুশীলন এবং অনুশীলন ম্যাচে অংশ নেন। তবে স্কালোনি এদিন সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কোনো নির্দিষ্ট মহড়া দেননি। ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টার শেষ অনুশীলনেই কৌশল, সেট-পিস এবং প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারালেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিপক্ষ ১০ জনে নেমে আসার পরও নির্ধারিত সময়ে জয় নিশ্চিত করতে পারেনি আলবিসেলেস্তেরা। তারপরও স্কালোনি তাঁর পরীক্ষিত একাদশের ওপর আস্থা রাখতে পারেন বলেই ধারণা করা হচ্ছে।
মিশর ও সুইজারল্যান্ড—দুই ম্যাচেই একই শুরুর একাদশ খেলিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। তাঁর মতে, দল ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং যথেষ্ট সুযোগও তৈরি করেছে। তবে গোলের সামনে ব্যর্থতা ও কয়েকটি রক্ষণাত্মক ভুলই ম্যাচকে কঠিন করে তুলেছিল।
তবুও ইংল্যান্ডের বিপক্ষে কৌশলগত পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মাঝমাঠের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও লিয়ান্দ্রো পারেদেস ক্র্যাম্পে ভুগেছিলেন, তবে তাঁর চোট গুরুতর নয় এবং সেমিফাইনালের জন্য তিনি প্রস্তুত থাকবেন বলেই আশা করা হচ্ছে।
টিওয়াইসি স্পোর্টসের দাবি, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় গনসালো মন্টিয়েলকে দেখা যেতে পারে। পাশাপাশি মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে খেলানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন স্কালোনি।
তবে শেষ পর্যন্ত কী হবে, সেটি এখনও নিশ্চিত নয়। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের পরিকল্পনা গোপন রাখাই স্কালোনির পুরোনো অভ্যাস। ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠকের আগে তিনি সাধারণত শুরুর একাদশ প্রকাশ করেন না। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা ঠিক কোন কৌশল ও কোন একাদশ নিয়ে মাঠে নামবে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর মুহূর্ত পর্যন্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

