ইতালির কোচের পদ থেকে ছাঁটাই

অঝোরে কাঁদলেন স্পালেত্তি

অঝোরে কাঁদলেন স্পালেত্তি

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে ইতালি। এর মূল্য দিতে হলো লুসিয়ানো স্পালেত্তিকে। তাকে বরখাস্ত করেছে ইতালি ফুটবল ফেডারেশন। ৬৬ বছর বয়সী কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে চাকরি হারানোর কথা বলতে গিয়ে অঝোরে কাঁদেন তিনি।

লম্বা সময় ধরে শনির দশা চলছে ইতালি ফুটবলে। সবশেষ দুটি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি জায়ান্টরা। সে গল্প পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়াটাই ছিল তাদের বড় চ্যালেঞ্জ। যদিও বাছাইপর্বের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইতালি। এর দুইদিন না যেতেই আসলো স্পালেত্তির চাকরি হারানোর ঘোষণা। বরখাস্ত হলেও মলদোভার বিপক্ষে আসন্ন ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে দাঁড়াবেন স্পালেত্তি।

বিজ্ঞাপন

স্পালেত্তি বলেন, ‘ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন আমাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তবে পদত্যাগের কোনো ইচ্ছা আমার ছিল না। আমি এই দলকে নিয়ে কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস ছিল এই ইতালিকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যেতে পারব। আমার এখনও সেই বিশ্বাস আছে যে, ছেলেরা সেটা করে দেখাতে পারবে। আমি ইতালি দল এবং খেলোয়াড়দের ভালোবাসি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন