আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোস্তাফিজ ইস্যুতে যা বললেন বুলবুল

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

মোস্তাফিজ ইস্যুতে যা বললেন বুলবুল

অনেকটাই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেটে আঞ্চলিক ক্রিকেট সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ওই অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে শুধু এই বিষয়টি নিয়েই কথা বলতে চেয়েছিলেন। তবে সাংবাদিকদের প্রশ্নের কারণে দিনের শুরুতে দেশের ক্রিকেটে আলোচনা তৈরি করা মোস্তাফিজুর রহমান ইস্যুতে চুপ থাকতে পারেননি তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আসন্ন আইপিএলে নিজেদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে আপাতত বিস্তারিত কিছু না জানায় এখনো কিছু বলতে পারবেন না বলে জানান আমিনুল ইসলাম বুলবুল।

বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল বিজেপির একের পর এক হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। যদিও এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিসিসিআইয়ের হাতও। তাদের নির্দেশেই ফ্রাঞ্চাইজিটি মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এ নিয়ে এখনো বিস্তারিত কিছু জানেন না বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তাতে আমাদের অন্য প্রান্তে আছে বিসিসিআই এবং আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি। আর মোস্তাফিজুর রহমানের ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এইটুকু তথ্য আমাদের কাছে আছে। আর এরপর কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সঙ্গে কথা বলব।’

বিজ্ঞাপন

মোস্তাফিজকে খেলালে কলকাতা দলের ক্ষতির হুমকি দেওয়া হয়েছিল, ঠিক তেমন হুমকি আছে বিশ্বকাপকে কেন্দ্র করেও। আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলতি মাসের ২৫ তারিখ ভারতে উড়াল দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচের তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে খেলার কথা রয়েছে। তবে এই চার ম্যাচ নিয়েও নানা হুমকি দিয়েছে ভারতীয়রা। এমনকি কলকাতার ম্যাচ ভেন্যু ইডেন গার্ডেনসের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছে। এ নিয়ে বিশ্বকাপের আয়োজক আইসিসির কাছে নিরাপত্তাহীনতার অভিযোগ বিসিবি জানাবে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।

এ নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘কমেন্ট করার এখন কিছু নেই। জিনিসটা আমরা আজকে (গতকাল) জানতে পেরেছি। খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে। সেটা বিবেচনা করেই আমরা আইসিসির সঙ্গে আলোচনা করব।’

তিনি আরো যোগ করেন, ‘আপনারা জানেন ২০২১ সালে আইসিসি সেফটি সিকিউরিটি গাইডলাইন দিয়েছে। যেকোনো আইসিসি ইভেন্টে এগুলো মেনে চলা বাধ্যতামূলক এবং নিশ্চিত করতে হয়। তাই আইসিসি সিদ্ধান্ত নেবে কোনটা সঠিক ভেন্যু হবে।’

তবে সবকিছু নিয়ে এখনো বিসিবি পরিচালনা পরিষদে হয়নি ঠিকঠাক আলোচনা। এ জন্য দ্রুতই আলোচনায় বসা হবে বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন