দেশের ফুটবলামোদিদের ধ্যান জ্ঞানের পুরোটা জুড়েই এখন সিঙ্গাপুর ম্যাচ।
মঙ্গলবার শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটিতে নিজেদের জয় দেখতে মুখিয়ে ভক্তরা। প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শামিত সোমরা। একগাদা প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ দল যেন এখন তারকার হাট। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে ফুটবলার এবং ভক্তরা যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন, ঠিক তেমনি বাড়তি নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই যেমন ম্যাচের ঠিক আগের দিন বেশকিছু নির্দেশনা দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার দ্বৈরথ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। তার আগে স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর ২টায়। ভুয়া টিকিটধারীদের সতর্ক করে দিয়েছে বাফুফে। ভুয়া টিকিট নিয়ে কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সংস্থাটি। তিন নম্বর গেটে প্রবেশের জন্য বাইরের গেটে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দর্শকদের লাইনে দাঁড়ানোর জন্য দৈনিক বাংলা মোড় থেকে রাজউক ভবন পর্যন্ত দুটি লেন বরাদ্দ রাখা হয়েছে। একটি লেন যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হবে। মূলত ঈদের ছুটির কারণে রাস্তা ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে এবার।
বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন ম্যাচের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। যারা টিকিট পাননি তাদের স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা না করার অনুরোধ করেছে বাফুফে। দর্শকদের খেলা দেখার সুবিধার্থে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হবে। যারা টিকিট নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন তাদের জন্যও আছে একটি নির্দেশনা। স্টেডিয়ামে প্রবেশের সময় সঙ্গে কোনো ব্যাগ, বোতল বা অন্য কোনো সামগ্রী বহন করা যাবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

