নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে দারুণ প্রস্তুতির পর গতকাল লাহোরে নিজেদের প্রথম অনুশীলন করেছে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা। প্রথম দিনের অনুশীলনের পর আজ লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সকাল সাড়ে ১০টায় স্কটল্যান্ডের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।
গতকাল পাকিস্তানের মাটিতে প্রথম অনুশীলন সেশনে বাংলাদেশ দলকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। বিসিবির পাঠানো ছবি দেখে মনে হচ্ছিল প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে বাংলাদেশ দলের। প্রস্তুতির অংশ হিসেবে আজ সকালে স্কটিশ মেয়েদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিদের। এর আগে একবারই স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার অপেক্ষায় আছে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা।
এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গতকাল সকালে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে একদিন পিছিয়ে ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৮ এপ্রিল মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

