আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ ক্রীড়াঙ্গনেও নারীদের দিন

স্পোর্টস রিপোর্টার

আজ ক্রীড়াঙ্গনেও নারীদের দিন

আজ আন্তর্জাতিক নারী দিবস। পৃথিবীর অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও বিশেষভাবে এ দিনটি পালিত হয়। পুরো দিন সরকারি-বেসরকারি উদ্যোগে নারীদের নিয়ে নানা আয়োজন থাকে। নারীদের সম্মানে আজ সরব থাকবে ক্রীড়াঙ্গনও। ফুটবল ফেডারেশনের আয়োজনে বাফুফে ভবন-সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফসহ সারা দেশে মোট ৬টি ভেন্যুতে ‘এএফসি ওমেন্স ফুটবল ডে’ পালিত হবে।

মতিঝিলে বাফুফের আর্টিফিসিয়াল টার্ফ, সাভারের বিকেএসপি, টাঙ্গাইলের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি, রংপুরে সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব ও খাগড়াছড়িতে খাগড়াছড়ি ফুটবল একাডেমিতে বেলা সাড়ে ১১টায় নারী দিবস পালন করা হবে। বাফুফে ভবন-সংলগ্ন টার্ফে আয়োজন ৮-১২ বছর বয়সি মেয়েদের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম নিবন্ধিত ১০০ জন পাবেন টি-শার্ট ও সার্টিফিকেট।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করছে। বিশেষ দিনটি সেখানেই পালন করবেন তারা। অন্যদিকে, জাতীয় নারী দলের ক্রিকেটাররা আছেন ক্যাম্পে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নারী দিবস উপলক্ষে কোনো আয়োজন না রাখলেও তারকা নারী ক্রিকেটাররা নানা সরকারি-বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।

বিসিবি মিডিয়া বিভাগ থেকে জানা যায়, নারী দিবস উপলক্ষে ডেইলি সানের একটি আয়োজনে যোগ দেবেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মন্ত্রণালয়ের আয়োজনেও থাকবেন বেশ কয়েকজন নারী ক্রিকেটার। এছাড়া দেশের আরো ক্রীড়া ফেডারেশন ও সংস্থাও নারী দিবস উপলক্ষে নানা আয়োজন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: