আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক সিলেকশন ট্রায়ালের জন্য ৩২ জন খেলোয়াড়কে ডেকেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। আগামী ১৭–২১ জুলাই ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতাকে লক্ষ্য করেই শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি কার্যক্রম।
রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে আগামী ১ থেকে ৪ এপ্রিল চার দিনব্যাপী এই সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় জাতীয় পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ ১৬ জন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশ নেবেন।
লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ট্রায়াল থেকে দুই বিভাগে শীর্ষ ছয়জন করে মোট ১২ জন খেলোয়াড়কে নিয়ে প্রায় আড়াই মাসের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিটিটিএফ। এই প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে পাঁচ সদস্যের একটি পুরুষ দল এবং পাঁচ সদস্যের একটি মহিলা দল কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে।
প্রশিক্ষণ ক্যাম্পের মান উন্নয়নের লক্ষ্যে ভারতের একজন আন্তর্জাতিক মানের কোচের সঙ্গে যোগাযোগ করছে ফেডারেশন। শর্তাবলি চূড়ান্ত হলে এপ্রিল থেকেই কমনওয়েলথ মিশনের প্রস্তুতি শুরু হবে।
বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দল গঠনের ক্ষেত্রে ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ বা সিলেকশন লীগ পদ্ধতি অনুসরণের কথা বলা হচ্ছে। তার মতে, এই পদ্ধতিতে খেলোয়াড়দের ম্যাচ টেম্পারামেন্ট বাড়ে এবং পারফরম্যান্সজনিত চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে।
এদিকে বাংলাদেশের জুনিয়র টেবিল টেনিস দল আগামী ৮–১১ এপ্রিল ভারতের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নেবে। বর্তমানে খেলোয়াড়রা বিকেএসপিতে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে।
টুর্নামেন্টের স্বার্থে খেলোয়াড়দের মাত্র তিন দিনের ঈদের ছুটি দেওয়া হয়েছে। খই খই সাই মারমা, রেশমী তঞ্চঙ্গ্যা, ঐশি রহমান, নাফিজ ইকবাল এবং জয় ইসলামের জন্য এটি হবে শেষ জুনিয়র টুর্নামেন্ট। শিমলায় যাওয়ার আগে জুনিয়র দলের চারজন বালক ও চারজন বালিকা খেলোয়াড় কমনওয়েলথ সিলেকশন ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

