৫ পরিবর্তনের ব্যাখ্যা দিলেন লিটন

৫ পরিবর্তনের ব্যাখ্যা দিলেন লিটন

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। তাই শেষ ম্যাচ জিতে ধবল ধোলাইয়ের সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। এমন সমীকরণে ৫ পরিবর্তন এনে একাদশ সাজায় বাংলাদেশ। সেটা হিতে বিপরীত হয়েছে দলটির জন্য। তারা হেরেছে ৭৪ রানের বড় ব্যবধানে। এমন পরাজয়ের পর বড় পরিবর্তনের সিদ্ধান্তে সমালোচনায় পড়েছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন লিটন দাস।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে বিশ্রাম দেওয়া হয়। এর মধ্যে জ্বরের কারণে খেলতে পারেননি হৃদয়। লিটন জানিয়েছেন, বেঞ্চের শক্তি পরীক্ষা এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই শেষ ম্যাচে ৫ পরিবর্তনের পথে হেঁটেছে তার দল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘হৃদয়, জাকের, শামীমরা যে জায়গায় ব্যাটিং করে, এই মুহূর্তে তারা বাংলাদেশের অন্যতম সেরা মিডলঅর্ডার ব্যাটসম্যান। জ্বর না হলে হৃদয় এই ম্যাচে খেলতো। তখন হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারতো। তবে আমরা দেখব আমাদের কোনো খেলোয়াড় যদি আহত হয় তাহলে সে জায়গাটা কীভাবে পূরণ করা যায়।’

সদ্য সমাপ্ত সিরিজের উইকেট নিয়ে লিটন বলেন, ‘উইকেট তো খুবই ভালো ছিল। প্রথম দুটি ম্যাচের থেকে আজকের (তৃতীয় টি-টোয়েন্টি) উইকেট অনেক ভালো ছিল। আমি বলব এটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল। অধিনায়ক হিসেবে আমার মনে হয় এমন উইকেটে ১৮০ রান তাড়া করে জেতা সম্ভব। কিন্তু পাওয়ারপ্লেতে আমরা ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছি। এই ম্যাচে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে নিজেদের পরিকল্পনা মাফিক ক্রিকেট খেলতে পারিনি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন