সম্প্রতি কার্লো আনচেলত্তিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ। এর তিন দিন পরই তাকে অপসারণ করল আদালত। গত বৃহস্পতিবার রদ্রিগেজসহ পুরো বোর্ডকে সরিয়ে দিয়েছে রিও ডি জেনেইরোর আদালত। যদিও কোনো ফুটবলীয় কারণে নয়, চেক জালিয়াতির অভিযোগে রদ্রিগেজকে অপসারণ করেছে আদালত। পাশাপাশি ফার্নান্দো সারনিকে সিবিএফের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের জন্য তাকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
অভিযোগ আছে, সিবিএফের সাবেক সভাপতি অ্যান্টোনিও কার্লোসের স্বাক্ষর জাল করে একটি চুক্তি করেছিলেন রদ্রিগেজ। এই জাল চুক্তির মাধ্যমেই সিবিএফের বোর্ড অব ডিরেক্টরসরা বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ করেছে।
এ বিষয়ে বিচারক গ্যাব্রিয়েল ডি অলিভেরা বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্বাক্ষরিত এবং আদালত কর্তৃক অনুমোদিত আগের চুক্তিটি এখন থেকে আর কার্যকর হবে না। এটা বাতিল করা হয়েছে। অ্যান্টোনিও কার্লোসের সইয়ে সম্ভাব্য জালিয়াতি খুঁজে পাওয়া গেছে এবং তার মানসিক অক্ষমতা পাওয়া গেছে। তাই সিবিএফের বর্তমান বোর্ডকে স্বীকার করা যাচ্ছে না। সিবিএফ যেন নেতৃত্বহীন না পড়ে থাকে এজন্য বৈধ নির্বাচনের ব্যবস্থা করা জরুরি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

