২০২৪-২৫ ফুটবলের নতুন মৌসুমে দলবদলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনূর্ধ্ব-২০ পর্যায়ের পাঁচ ফুটবলারকে নিবন্ধন করার বাধ্যবাধকতা রয়েছে ক্লাবগুলোর। এই পাঁচ ফুটবলারের মধ্যে শুরুর একাদশে অন্তত একজনকে রাখতে হবে। এ নিয়ম করার কারণে স্বাভাবিকভাবেই প্রতিটি ক্লাব বয়সভিত্তিক ফুটবলারদের দিকে ঝুঁকছে। আরেকটি কারণে তরুণ ফুটবলারদের বেশি প্রাধান্য দিচ্ছে ক্লাবগুলো। আর সেটি হলো- বেশির ভাগ ক্লাবই অর্থ সংকটে ভুগছে। যে কারণে বড় বাজেটের দল গঠন করতে পারছে না অনেকে। তাই কম বাজেটে উঠতি বয়সের খেলোয়াড়দের দিকে দৃষ্টি তাদের। ফলে দলবদলে উঠতি ফুটবলারদের চাহিদা বাড়ছে।
চ্যাম্পিয়ন দল ধরে রাখার চেষ্টা করছে মোহামেডান। কিন্তু অর্থ সংকটের মধ্যে আছে ক্লাবটি। চাহিদা অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় মোহামেডানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করলেন সুলেমান দিয়াবাতে। তার জায়গায় রহমতগঞ্জ থেকে বোয়েটাংকে নিয়েছে মোহামেডান। মোহামেডান ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব আমার দেশকে বলেন, ‘আমরা এখনো দল চূড়ান্ত করিনি। আগামী মাসের ১০-১২ তারিখের মধ্যে দল ঘোষণা করব। দেশি ও লোকাল কিছু খেলোয়াড় নিশ্চিত হয়েছে। আমরা এখন অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ দলের ৫-৬ জন তরুণ খেলোয়াড় দলে নেওয়ার চেষ্টা করছি।’
অন্যদিকে, ট্রায়ালের মাধ্যমে বেশ কিছু উঠতি খেলোয়াড় দলে নিয়েছে ফর্টিস এফসি। তাদের গড় বয়স হবে ২০-২১ বছর। ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম আমার দেশকে বলেন, ‘বয়সভিত্তিক খেলোয়াড়দের দলে রাখার বাধ্যবাধকতা থাকার কারণে আমরা বেশ কিছু খেলোয়াড় ট্রায়ালের মাধ্যমে দলে নিয়েছি। এতে ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির পাশাপাশি বাজেটটাও কম হবে।’
অন্যদিকে, এবার অর্থ সংকটে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মাঝারি মানের দলই গড়ছে। তবে গতবারের তুলনায় তাদের বাজেট ১৫-২০ লাখ কমে গেছে। দেশি-বিদেশিদের ফুটবলারদের মধ্যে আলোচনা চলছে তাদের। তবে রহমতগঞ্জ ক্লাবেরও নজর বয়সভিত্তিক ফুটবলারদের দিকে। অন্যদিকে, বসুন্ধরা কিংসও তরুণদের দিকে চোখ রাখছে। তবে কিংস ছেড়ে শেখ মোরসালিন আবাহনীতে যোগ দিয়েছেন। বেশ কিছু বিদেশি ফুটবলারদের সঙ্গে তরুণদের দিকে দৃষ্টি আবাহনীর। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ পুলিশ, ফকিরেরপুল ক্লাবও বয়সভিত্তিক দলের জুনিয়র ফুটবলার নিয়ে দল সাজানোর চেষ্টা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

