ইন্দোনেশিয়ায় নারী এশিয়ান গেমসের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় তারা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়ের রেকর্ড এটি। এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে বাছাই পর্বের মিশন শুরু করে তারা। এ প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে নারী হকি দল। রোববার হংকংয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।
‘এ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বাংলাদেশ দল। উজবেকিস্তানের অর্জন তিন পয়েন্ট। হংকং ম্যাচে এক পয়েন্ট পেলেই এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করবে বাংলাদেশের মেয়েরা। জাকার্তায় উজবেকদের বিপক্ষে বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে শারিকা রিমন প্রথম গোল করেন। পেনাল্টি কর্নার থেকে পোস্ট কাঁপান তিনি। পরের মিনিটে বাংলাদেশের আনন্দ থামিয়ে দেয় উজবেকিস্তান।
মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের গোলকিপারকে পরাস্ত করেন। ২৪ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। আগের ম্যাচে গোল করা কনা আক্তার দলকে আনন্দের উপলক্ষ তৈরি করেন। আক্রমণ থেকে কনা উজবেক গোলকিপারকে হারান। বিরতির পর আক্রমণের ছন্দ ধরে রাখে বাংলাদেশ। আরলিন রিয়া পেনাল্টি কর্নার থেকে লাল-সবুজ দলকে তৃতীয় গোল উপহার দেন। ৪৬ মিনিটে উজবেকিস্তান ম্যাচে ফেরার বার্তা দেয়। খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে চাপে রাখেন। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। জয়ের হাসি হাসল রিয়া-অর্পিতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

