ক্লাব বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটি। অপর ম্যাচে বোতাফোগোকে ১-০ গোলে হারিয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
অ্যাতলেটিকোকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পিএসজি। কিন্তু দ্বিতীয় ম্যাচে বোতফোগোর কাছে হেরে যায় লুইস এনরিকের শিষ্যরা। তাই শেষ ষোলতে যাওয়ার জন্য সিয়াটলের বিপক্ষে জিততেই হতো তাদের। এমন সমীকরণে আমেরিকান ক্লাবটির বিপক্ষে দাপুটে ফুটবলই উপহার দিয়েছে জায়ান্টরা।
লুমেন ফিল্ডে দুই অর্ধে একবার করে জালের দেখা পায় পিএসজি। ৩৫ মিনিটে খিচা কাভারেস্কাইয়ার গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। ৬৬ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।
নকআউটে যাওয়ার জন্য অ্যাতলেটিকোর সামনে সমীকরণ কিছুটা কঠিন ছিল- তিন গোলের ব্যবধানে জিততে হতো তাদের। সে সমীকরণ মেলাতে না পারায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারেনি স্প্যানশি ক্লাবটি। তাদের হতাশ করে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছে গেছে বোতাফোগো।
রোজ বোলে বোতাফোগোর বিপক্ষে আক্রমণের ঝড় বইয়ে দেয় অ্যাতলেটিকো। যদিও কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৮৭ মিনিটে অপেক্ষা ফুরায় অ্যাতলেটিকোর। তাদের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্তনি গ্রিজম্যান।
পিএসজি, বোতাফোগো ও অ্যাতলেটিকোর সংগ্রহ সমান ছয় পয়েন্ট। যদিও গোলে ব্যবধানে পিছিয়ে থেকে বাদ পড়েছে অ্যাতলেটিকো। দুইয়ে থেকে পরের পর্বে পা রেখেছে বোতাফোগো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

