লর্ডসে দেখে-শুনেই ব্যাটিং করছিল ইংল্যান্ড। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন। স্বাগতিক ইংলিশদের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন নিতীশ কুমার রেড্ডি। তার তোপেই মড়ক লাগে টপ-অর্ডারে। ফিরে যান দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে বিপদের সময়ে দলের ব্যাটিংয়ের হাল ধরেছেন জো রুট ও অলি পোপ। বিপর্যয় এড়িয়ে দুজনের জুটিতে স্বাচ্ছন্দ্যে এগোচ্ছে অধিনায়ক বেন স্টেকসের দল। প্রথম দিনে চা বিরতি পর্যন্ত ৪৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের দলীয় স্কোর ৪৩ রানে পৌঁছাতেই সাজঘরের পথ ধরেন ওপেনার বেন ডাকেট। নিতীশ কুমার রেড্ডির বলে উইকেটের পেছনে রিশব পন্তের গ্লাভসে ধরা পড়েন তিনি। ডাকেটের ব্যাট থেকে আসে মাত্র ১৮ রান। খেলা হয়েছে তখন মাত্র ১৩.৩ ওভার। তিন বল পর ফের তোপ দাগেন নিতীশ কুমার রেড্ডি। এবার একই কায়দায় উইকেট থেকে বিদায় করে দেন জ্যাক ক্রলিকে। তার ব্যাট থেকে খুব বেশি রান আসেনি। ক্রলিকে সন্তুষ্ট থাকতে হয় ২৩ রানে। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে জো রুট ৫৪ রানে এখনো ব্যাট চালিয়ে যাচ্ছেন। ৪৪ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অলি পোপ। ভারতের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নিতীশ কুমার রেড্ডি।
তার আগে ক্রিকেটের তীর্থভূমিতে টস জিতে নেন ইংল্যান্ড অধিনায়ক। টসে জিতেই ব্যাটিং বেছে নিয়েছেন বেন স্টোকস। সফরকারী ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ইংলিশরা।
লিডসে প্রথম টেস্ট ৫ উইকেটে জিতে এগিয়েছিল ইংল্যান্ড। বার্মিংহামে অধিনায়ক শুবমান গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্ট ৩৩৬ রানে জিতে সিরিজে সমতায় ফিরেছে অতিথি ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ এ সমতা চলছে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১৫৩/২, ৪৯ ওভার (রুট ৫৪ ব্যাটিং, পোপ ৪৪ ব্যাটিং,ডাকেট ২৩, ক্রলি ১৮; নিতীশ ২/৩৫)। অসমাপ্ত
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

