নারী ওয়ানডে বিশ্বকাপে হারের বৃত্তে বন্দি পাকিস্তান। এবার তাদের তৃতীয় হার উপহার দিল অস্ট্রেলিয়া। ব্যাটিং বিপর্যয়ে পড়েও বেথ মুনি ও অ্যালানা কিংয়ের রেকর্ডময় এক জুটিতেই প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লেখার পর দারুণ বোলিংয়ে ম্যাচটি ১০৭ রানের বড় ব্যবধানে জিতেছে অজিরা। তাদের জয়ের মূল কারিগর মুনি ও কিং। ১১৫ রানেই ৮ উইকেট পতন হওয়া দলকে ৫০ ওভার শেষে ২২১ রানে নিয়ে যাওয়ার অবদান এই দুজনের। জবাবে পাকিস্তান গুটিয়ে গেছে ১১৪ রানে।
টসে হেরে ব্যাটিংয়ে নামা অজিদের উদ্বোধনী জুটিতেই ৩০ রান তোলেন অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ড। সাদিয়া ইকবাল হিলিকে ফেরানোর পরই শুরু হয় ব্যাটিং ধস। এরপর লিচফল্ডের বিদায়ে ব্যাটিংয়ে নামেন মুনি। ৭৬ রানে ৭ উইকেট হারানো অজিদের টেনে নেন তিনি। প্রথমে কিম গার্থকে নিয়ে অষ্টম উইকেটে ৩৯ রান যোগ করেন। ১১ রান করে গার্থ বিদায় নিলে কিংকে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন মুনি।
জুটি ভাঙে ইনিংসের শেষ বলে। ১১ চারে ১১৪ বলে ১১৯ রান করে মুনি বিদায় নেন। নারী ওয়ানডেতে এ নিয়ে পঞ্চম সেঞ্চুরি করলেন মুনি। তার সঙ্গী কিং অপরাজিত থাকেন ৪৯ বলে ৫১ রান করে। অস্ট্রেলিয়ার জার্সিতে এটাই তার প্রথম ফিফটি। নবম উইকেটে মুনি-কিংয়ের ১০৬ রান নারীদের ক্রিকেটে নবম বা এর নিচের দিকে জুটিতে সর্বোচ্চ। অস্ট্রেলিয়া সপ্তম উইকেট হারানোর পর যোগ করেছে ১৪৫ রান, যা নারী ওয়ানডেতে সপ্তম বা তার নিচের দিকের জুটিগুলোর মধ্যে সর্বোচ্চ। দশে নেমে কিংয়ের ৫১ রানের ইনিংসটি দশম ও এগারোতম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২২১/৯ (মুনি ১০৯, কিং ৫১*, হিলি ২০; সানধু ৩/৩৭, শামীম ২/২৯)।
পাকিস্তান : ৩৬,৩ ওভারে ১১৪ (সিদরা ৩৫, শামীম ১৫, সানা ১১; গার্থ ৩/১৪, সাদারল্যান্ড ২/১৫)।
ফল : অস্ট্রেলিয়া ১০৭ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

