ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসকে নিয়ে বোমা ফাটালেন দলটির সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। লম্বা সময় দলটিতে খেলে আসা এই প্রোটিয়া ক্রিকেটার জানান, আইপিএলের শুরুর দিকে এই ফ্র্যাঞ্চাইজিতে বাজে অভিজ্ঞতা হয়েছিল তার।
শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০০৮ সালে দলটির শুরু থেকে তিন মৌসুম খেলেছিলেন ভিলিয়ার্স। এই সময় দলটিতে মানসিকভাবে দূষিত কিছু মানুষের দেখা পেয়েছিলেন বলে সম্প্রতি মন্তব্য করেন তিনি। নির্দিষ্ট কারো নাম না বললেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স।
এই কিংবদন্তি ক্রিকেটারের ভাষ্য, ‘তাদের নাম বলতেও ঘৃণা হচ্ছে। তখন দিল্লি ডেয়ারডেভিলস ছিল কসাইখানা। আমি সত্যিটাই বলছি। এখানে কিংবদন্তি ক্রিকেটারও কম ছিল না, আবার অনেক দূষিত মানুষ ছিল। এখানের সময়টা তাই ভালো-মন্দ মিলিয়ে কেটেছে। সময়টা আমার খুব ভালোভাবে মনে আছে। সতীর্থ হিসেবে পেয়েছি গ্লেন ম্যাকগ্রা ও ড্যানিয়েল ভেট্টোরির মতো তারকাদের।’
“ম্যাকগ্রার মতো ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হলো। একই দলে, দুজন পাশাপাশি বসেছি এবং তিনি বললেন, ‘তোমার খেলার ধরন আমার ভালো লাগে।’ তখন আমার অনুভূতি ছিল অবিশ্বাস্য। এমন উচ্চ সুখানুভূতির পাশাপাশি দূষিত কিছু চরিত্রেরও সম্মুখীন হই।” যোগ করেন ভিলিয়ার্স।
ডেয়ারডেভিলসের হয়ে তিন মৌসুমে ২৮টি ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া তারকা। এরপর ২০১১ সালে যোগ দেন বেঙ্গালুরুতে। ২০২১ সালে অবসর নেওয়ার আগপর্যন্ত ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন। দীর্ঘ এক দশকে দারুণ পারফরম্যান্স করে হয়ে ওঠেন দলটির কিংবদন্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

