বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর হোটেল আমারি ঢাকায় আয়োজিত সভায় ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা বাড়ানোসহ ক্যারমের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এম এ মুহিত। এ সময় সাধারণ সম্পাদক মুহিউদ্দিন মুহসিন মাহিন, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ এডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ক্যারম খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ফেডারেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সদস্যরা মতবিনিময় করেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ইতালিতে অনুষ্ঠেয় বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ। আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ইতালিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশগ্রহণ, প্রস্তুতি, প্রশিক্ষণ ও যাতায়াতসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম এ মুহিত ক্যারম ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের জন্য প্রশিক্ষণ ও প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি ফেডারেশনের সদস্যদের সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

