যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের (এমএলএস) প্রথম দিনেই রেকর্ড বই এলোমেলো করে দিয়েছেন ফিন অ্যালেন। উদ্বোধনী ম্যাচেই ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে একাধিক রেকর্ডে নাম লেখান সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের হয়ে খেলা নিউজিল্যান্ডের এই ব্যাটার।
অ্যালেন সেঞ্চুরি করেছেন ৩৪ বলে যা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইল সেঞ্চুরি করেন ৩০ বলে। মেজর লিগে এর আগের দ্রুততম সেঞ্চুরি ৪০ বলে, ২০২৩ সালের রেকর্ডটি গড়েন নিকোলাস পুরান।
অ্যালেন রেকর্ড গড়ার পথে ছক্কা হাঁকিয়েছেন ১৯টি, যা এই ফরম্যাটে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন যৌথভাবে শীর্ষে থাকা গেইল (২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে) ও সাহিল চৌহানকে (২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে)। দুজনেই মেরেছেন ১৮টি ছক্কা।
অ্যালেন ৪৯ বলে ১৫০ রান পূর্ণ করেছেন। টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম দেড়শ। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে নিজেরই ৫২ বলে ১৫০ রানেরর রেকর্ড পেছনে ফেললেন তিনি। ওই ম্যাচে নাইটসের বিপক্ষে ১৬২ রান করেছিলেন অ্যালেন।
বাউন্ডারি থেকে অ্যালেন করেছেন ১৩৪ রান। এর মধ্যে ছক্কায় এসেছে ১১৪ রান। বাউন্ডারি মেরে টি-টোয়েন্টি ইনিংসে অ্যালেনের চেয়ে বেশি রান করেছেন কেবল আর তিন জন।
অ্যালেনের ১৫১ রান এমএলসিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পেছনে ফেলেছেন ২০২৩ সালের ফাইনালে সিয়াটল অর্কাসের বিপক্ষে পুরানের অপরাজিত ১৩৭ রান।
ম্যাচে ইউনিকর্নস করেছে ৫ উইকেটে ২৬৯ রান। টুর্নামেন্টে এটাই সর্বোচ্চ দলীয় রান। প্রথম দল হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে কোন দল আড়াইশ করল। আগের সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। ভারতের বিপক্ষে ২০১৬ সালে লডারহিলে ৬ উইকেটে ২৪৫ রান করেছিল তারা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

