সংবাদ সম্মেলনে জামাল

সিঙ্গাপুরকে হারিয়ে আশার প্রতিদান দিতে প্রস্তুত বাংলাদেশ

সিঙ্গাপুরকে হারিয়ে আশার প্রতিদান দিতে প্রস্তুত বাংলাদেশ

অবশেষে ভক্তদের সব প্রতীক্ষার শেষ হতে যাচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। আসন্ন ম্যাচ জিতে ভক্তদের আশার প্রতিদান দিতে চান স্বাগতিকদের অধিনায়ক জামাল ভুঁইয়া।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীসহ আরও বেশ কয়েকজন প্রবাসী খেলোয়াড়দের পেয়ে বাংলাদেশ ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। গত মার্চে ভারতের মাটিতে ড্র করা ম্যাচে অভিষেক হয় হামজার। ভুটানের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে পথচলা শুরু করেছেন ফাহমিদুল ইসলাম। অভিষেকের অপেক্ষায় আছেন কানাডি প্রবাসী ফুটবলার শামিত সোম। সব মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছে ঝিমিয়ে পড়া দেশের ফুটবল।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘সবশেষ সাফ থেকেই ভক্তদের মনে আশার সঞ্চার বেড়েছে। আমার মনে হয় আগামীকাল সেই দিন যেখানে আমাদের ভক্তদের, নিজেদের, পরিবারের এবং সবার আশার প্রতিদান দিতে হবে। ম্যাচটি ঘিরে আমাদের স্বপ্নও বড়। আমরা ম্যাচটি জিতে আশার প্রতিদান দিতে চাই। ভক্তদের জন্য মাঠে আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’

আসন্ন ম্যাচে নিজের খেলা না খেলা প্রসঙ্গেও কথা বলেছেন জামাল, ’১০ মিনিট হোক কিংবা এক ঘণ্টা, আমি খেলতে চাই। আমার কাজই তো এটা। তবে এটা ঠিক যে সবার আগে দল। আমি না খেললেও যারা মাঠে থাকবে তাদের উৎসাহ দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। যেন আমরা ম্যাচটি জিততে পারি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন